images

বিশেষ প্রতিবেদন

কোলে গন্ধগোকুল, পেছনে সজারু কে এই বাস্তবের ‘ডিজনি প্রিন্সেস’?

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৭:৪৯ পিএম

Failed to load the video

ছোট্ট ছোট্ট পায়ে সরু মেঠোপথ ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে মিষ্টি এক শিশু। দুই হাতে পরম যত্নে জড়িয়ে রেখেছে একটি গন্ধগোকুল। আর ঠিক তার পেছনেই নীরব প্রহরীর মতো পাহারা দিয়ে হেঁটে চলেছে একটি বিশাল সজারু। প্রাণীটির পিঠের ধারালো কাঁটাগুলো এখন শান্ত, শিশুর ভালোবাসার ছোঁয়ায় যেন সে ভুলে গেছে তার সব হিংস্রতা । এমন এক রূপকথার মতো দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে চোখ জুড়িয়ে গেছে কোটি মানুষের।

ভিডিওটি প্রকাশের পর অনেকেই জানতে চেয়েছেন, কে এই ছোট্ট মেয়েটি? কেউ বলছেন বাংলাদেশের কেউ বলছেন ভারতের। তবে অনুসন্ধানে জানা যায়, সে শ্রীলঙ্কার এক গ্রামীণ এলাকার শিশু। গত ১২ জুন প্রভাত সিলভা নামে এক ব্যক্তি প্রথম ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে তার প্রোফাইলে একই শিশুর সঙ্গে গন্ধগোকুল ও সজারুর আরও একাধিক ছবি ও ভিডিও পাওয়া যায়। সেখান থেকেই স্পষ্ট হয়, প্রাণীগুলোর সঙ্গে শিশুটির সম্পর্ক নতুন নয়, বরং বেশ পরিচিত ও স্বাভাবিক।

আরও পড়ুন
16

স্ট্রেস কমাতে পাহাড়ে ঝুলছেন তরুণেরা

তবে ভিডিওটি নিয়ে একটি বড় ভুল ধারণাও ছড়িয়ে পড়ে। সবুজ ধানক্ষেত, মেঠোপথ ও গ্রামের পরিবেশ দেখে অনেকেই ভেবেছিলেন এটি বাংলাদেশের কোনো গ্রামের দৃশ্য। এমনকি কয়েকটি বিদেশি গণমাধ্যমও সেটিকে বাংলাদেশের বলে প্রচার করেছিল। কিন্তু পরে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটি আসলে বাংলাদেশের নয়, শ্রীলঙ্কার। শিশুটির মুখে শোনা সিংহলি ভাষাও সেই তথ্যের প্রমাণ দেয়।

একটি ছোট্ট মেয়ের ভালোবাসা যে বনের প্রাণীকেও আপন করে নিতে পারে, এই ভিডিওটি যেন সেই বিরল দৃশ্যেরই এক জীবন্ত উদাহরণ। আর সেই কারণেই দেশ-সীমানা পেরিয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই ছোট্ট রাজকন্যা ও তার দুই অদ্ভুত সঙ্গী।

আরটিভি/এআর