বুধবার, ০৭ মে ২০২৫ , ০৭:৩৩ পিএম
কাতার বিশ্বকাপের পর থেকে একজন ভালো মানের কোচ খুঁজছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। কয়েক দফায় কোচ নিয়োগ দিয়ে দলের প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা। যার ফলে সবশেষ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে তারা। এতে কোচ শূন্য হয়ে পড়েছে ব্রাজিল দল।
বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে আগামী মাসে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় সিবিএফ। যেখানে আলোচিত নাম কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের এই কোচের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ব্রাজিল।
তবে আগামী সপ্তাহের মধ্যে নতুন কোচের নাম চূড়ান্ত করবে বলে জানিয়েছে সিবিএফের পরিচালক রদ্রিগো কাইতানো। সম্প্রতি স্পোর্টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা জানি, ব্রাজিল জাতীয় দলের জন্য কোচ নির্বাচন একটি জাতীয় স্বার্থের বিষয় এবং এর সাথে বড় দায়িত্ব জড়িত। তবে আমরা আশা করি, আগামী সপ্তাহের শেষের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে পারব।
মূলত, সিবিএফ অপেক্ষা করছে আসন্ন এলক্লাসিকো ম্যাচটির জন্য। যেখানে রিয়াল মাদ্রিদ পরাজিত হলে শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার। সেই সঙ্গে ভাগ্য নির্ধারণ হবে আনচেলত্তির।
কারণ, গত সপ্তাহে আনচেলত্তি ও ব্রাজিলের চুক্তির মাঝে বাঁধা হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে আনচেলত্তি। তার আগে যদি বরখাস্ত হন, তাহলে চুক্তির পুরো অর্থই পাবেন এই ইতালিয়ান। এ জন্য তিনি চাচ্ছিলেন তার বিষয়ে সিদ্ধান্তটা আসুক রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে থেকে।
কিন্তু পেরেজ এখনই ছাড়তে চাচ্ছেন না তাদের ইতালিয়ান এই কোচকে। এমনকি এই মুহূর্তে ক্লাব ছাড়লে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তির যে অর্থ দেওয়ার কথা ছিল তা তো দেবেন–ই না, সঙ্গে কোনো এক্সিট-ফিও দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সেই চাপেই ব্রাজিলের কোচ হওয়ার পথ থেকে ঘুরে দাঁড়ান আনচেলত্তি।
তাই আসন্ন এলক্লাসিকো ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চায় সিবিএফ। তবে ‘দ্য অ্যাথলেটিক’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ও আনচেলত্তি একটি সমঝোতায় পৌঁছেছে। মৌসুম শেষ হওয়ার আগেই মাদ্রিদ ছাড়তে পারে এই ইতালিয়ান কোচ। বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর পরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এদিকে আনচেলত্তির বিকল্প নিয়ে আলোচনা শুরু করেছে সিবিএফ। বিকল্প হিসেবে তারা সাবেক ফ্ল্যামেঙ্গো কোচ জর্জ জেসুসকেও বিবেচনা করছে। ৭০ বছর বয়সী এই কোচ গত মাস পর্যন্ত সৌদি আরবের প্রো-লিগ ক্লাব আল হিলালের সঙ্গে যুক্ত ছিলেন।
নতুন কোচের নাম নিয়ে কাইতানো বলেন, এখন নির্দিষ্ট নাম নিয়ে কথা বলা কঠিন, কারণ, তা আলোচনার জন্য উপকারী হবে না। আমরা আশা করি আলোচনা আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিতে পারব।
আগামী ২৬ মে বিশ্বকাপের দল ঘোষণা করবে ব্রাজিল। তার আগে নতুন কোচে নাম ঘোষণা করবে সিবিএফ। বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলে (কনমেবল) চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। তাদের পরবর্তী লক্ষ্য ইকুয়েডর এবং প্যারাগুয়ে ম্যাচ।
আরটিভি/এসআর