শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ০৭:৪৩ পিএম
প্রায় দুই দশক ধরে পেশাদার ক্রিকেটে নিজের প্রতিভা আর পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। জাতীয় দল থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগে সমান দক্ষতায় খেলেছেন তিনি। দীর্ঘ সময় আন্তর্জাতিক অঙ্গনে ছিলেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে। অথচ এই লম্বা ক্যারিয়ারে কখনও বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেনি কেউ। তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে উঠেছে এমন অভিযোগ।
গত বছরের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে মাঠে নামেন সাকিব। প্রায় ১৩ বছর পর এই টুর্নামেন্টে খেলা তার প্রথম ম্যাচেই সামারসেটের বিপক্ষে দারুণ পারফরম্যান্স ছিল তার প্রথম ইনিংসে ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট শিকার করেন তিনি। সেই ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি জানান আম্পায়াররা। এরপর অ্যাকশনের পরীক্ষায় দু'বার অনুত্তীর্ণ হন, যার ফলে সব ধরনের ক্রিকেটে তার বোলিং সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।
তবে হাল ছাড়েননি এই বিশ্বসেরা অলরাউন্ডার। নিরপেক্ষ তৃতীয় পরীক্ষায় ভারতের একটি ল্যাবে অবশেষে উত্তীর্ণ হন তিনি। ওই প্রস্তুতির পুরো সময়টাতেই সাকিবের পাশে ছিলেন তার ছোটবেলার বন্ধু এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার সিরাজউল্লাহ খাদেম নিপু। যিনি বর্তমানে পর্তুগাল জাতীয় দলে খেলছেন।
সাকিবের ফিরে আসার লড়াইয়ের গল্প শোনাতে গিয়ে সিরাজ বলেন, বোলিং অ্যাকশনে সমস্যাটা হয়েছিল চারদিনের ম্যাচটাতে প্রচুর বোলিং করার কারণে। ওর কাঁধে অনেক ক্লান্তি চলে এসেছিল, তখন হাতটা একটু বেঁকে গিয়েছিল। এখন আবার আগের অ্যাকশন ফিরে পেয়েছে।
সম্প্রতি দুবাইয়ে গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব। ব্যাট হাতে করেছেন ৫৮ রান, পাশাপাশি শিকার করেছেন ৪ উইকেট। বন্ধু সাকিবের এমন পারফরম্যান্সে খুশি সিরাজ বলেন, সে ইনডোরে ব্যাটিং করত, টাইমিংয়ের ওপর অনেক ফোকাস দিত। ফিটনেস ও ব্যালেন্স ঠিক রাখার জন্য কঠোর পরিশ্রম করেছে। গতকালের ম্যাচে সেই পরিশ্রমের ফল মিলেছে।
ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই সতীর্থ আরও বলেন, সামনে অনেক টুর্নামেন্ট ও ম্যাচ রয়েছে। সেখানে সাকিবের পারফরম্যান্স দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। ওর বোলিং ভালো হলে নিজের কাছেও অনেক ভালো লাগে। আমি জানি সে কতটা কষ্ট করেছে, তাই পুরনো ছন্দে ফিরতে দেখে খুব ভালো লাগছে। আশা করি, সে আবার রাজকীয় প্রত্যাবর্তন করবে।
আরটিভি/এসকে