চলতি মাসের ২০ জুলাই থেকে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শুরুতে এই হোম সিরিজের সরাসরি সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটেছে। দ্বিপাক্ষিক সিরিজটির প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।
মাস দুয়েক আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি কোনো বেসরকারি চ্যানেল সম্প্রচার না করায় বাধ্য হয়ে তা দেখায় রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভি। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হতে পারে বলেই আশঙ্কা ছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। কারণ শুরুতে কেউই সিরিজটি সম্প্রচারে আগ্রহ দেখায়নি। তবে শেষ পর্যন্ত টি-স্পোর্টস এগিয়ে এসে সম্প্রচারের দায়িত্ব নেয়।
সূচি অনুযায়ী, বাংলাদেশ-পাকিস্তানের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই, সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রতিটি ম্যাচ।
মাঠের পারফরম্যান্সে বর্তমানে রূপান্তরকাল পার করা বাংলাদেশ দলকে ঘিরে সমর্থকদের আগ্রহ কিছুটা কমলেও, ঐতিহ্যবাহী প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে সিরিজটি ঘিরে দর্শকদের আগ্রহ বাড়বে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
আরটিভি/এসকে





