শনিবার, ১২ জুলাই ২০২৫ , ১০:৪৮ পিএম
ঢাকায়ই হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। আগামী ২৪ জুলাই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। ভারতের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা গেলেও বিসিবির একটি সূত্র জানিয়েছে, অনলাইনে যুক্ত হতে রাজি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এসিসির বার্ষিক সাধারণ সভা ঢাকাতেই অনুষ্ঠিত হবে। এসিসির চেয়ারম্যান মহসিন নাকভির ডাকা এ সভায় ভারতীয় বোর্ড অনলাইনে অংশ নেবে বলে জানা গেছে।
নিয়মানুযায়ী ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভা ডেকেছেন এসিসির চেয়ারম্যান ও পিসিবি সভাপতি মহসিন নাকভি। তবে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের কারণে এই সভায় আসতে আপত্তি আছে ভারতের, কয়েকদিন আগে এমনটা জানিয়েছিল ভারতীয় বেশকিছু গণমাধ্যম। বিসিবির পরিচালক মাহবুব আনাম অবশ্য এই খবর অস্বীকার করেছেন।
এবার বিসিবির আরেক সূত্র জানাচ্ছে, সশরীরে উপস্থিত না হলেও অনলাইনে যুক্ত হতে রাজি হয়েছে ভারত। তবে সেটা নিয়েও আছে শঙ্কা। ভারত ছাড়া অন্যান্য দেশের প্রতিনিধিরা অবশ্য সশরীরেই অংশ নেবেন এসিসির সভায়৷ বার্ষিক এই সভায় এশিয়ান ক্রিকেটের উন্নয়নের বিভিন্ন বিষয়ের পাশাপাশি আলোচনা হবে এশিয়া কাপের ভবিষ্যত নিয়েও।
সূচি অনুযায়ী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ভারতে। তবে দক্ষিণ এশিয়ান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সেটিকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেয়া হতে পারে। ৫ থেকে ২১ সেপ্টেম্বর সময় ধরে একটি প্রাথমিক সূচিও করা হয়েছে, যা চূড়ান্ত হওয়ার অপেক্ষায়।
তবে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের জেরে এর আগে এশিয়া কাপে ভারতের অংশ না নেয়ার বিষয়েও দেশটির গণমাধ্যমে সংবাদ এসেছে। এবার বাংলাদেশে সভায় অংশ নিতে আপত্তির ঘটনাটি সেই আগুনে আরও ঘি ঢেলেছে। সম্প্রতি বিসিসিআই বাংলাদেশের সঙ্গে সিরিজও পিছিয়েছে ১৩ মাস। সবমিলিয়ে, রাজনৈতিক কারণে এশিয়ান ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে যে খুব একটা ভালো অবস্থা বিরাজ করছে না, সেটা বলাই যায়।
আরটিভি/এসকে