জিব্রাল্টার ও তুরস্ককে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে রেকর্ড গড়ল স্বাগতিক বুলগেরিয়া।
বৃহস্পতিবার (১০ জুলাই) সোফিয়ায় জিব্রাল্টারের দেওয়া ২৪৫ রানের বিশাল লক্ষ্য মাত্র ১৪.২ ওভারে ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় বুলগেরিয়া।
এই জয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০+ রান তাড়ায় ওভারপ্রতি সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়েছে তারা। উইজডেনের তথ্য অনুযায়ী, ২৪৫ রান তাড়ায় ওভারপ্রতি ১৭.০২ রান তুলে বিশ্ব রেকর্ড গড়েছে বুলগেরিয়া। এর আগে এই তালিকায় শীর্ষে ছিল সার্বিয়া, ২০০+ রান তাড়ায় যাদের ওভারপ্রতি রান ছিল ১৪.১১।
বুলগেরিয়ার এই ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় অবদান মানান বশিরের। মাত্র ২১ বল খেলে ৯টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এছাড়া ইসা জারু ও মিলে গোগেভ দুজনই ৬৯ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ দিকে ক্রিস লাকোভ ১৯, বখতিয়ার তাহিরি ৮ ও জীরাক চুঘতাই ১ রান করে জয় নিশ্চিত করেন। জিব্রাল্টারের হয়ে লুইস ব্রুস ২টি, এবং কেনরয় নেস্তর ও কবির মিরপুরি ১টি করে উইকেট নেন।
এর আগে, টস জিতে ব্যাটিং করতে নেমে জিব্রাল্টার নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ২৪৪ রান। ফিলিপ রাইকস ৭৩, ইয়ান ল্যাটিন ৫১, লুইস ব্রুস ২৪, ক্রিস পাইল ২২, মাইকেল রাইকস ও কবির মিরপুরি উভয়েই ২১ এবং রিচার্ড হ্যাচম্যান করেন ১৭ রান। বুলগেরিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জাকোব গুল, ৩৭ রানে শিকার করেন ৪ উইকেট। একটি করে উইকেট নেন জীরাক চুঘতাই ও মিলেন গোগেভ।
ত্রিদেশীয় এই সিরিজে এই জয়ে নতুন আত্মবিশ্বাসে এগিয়ে যাচ্ছে বুলগেরিয়া। টি-টোয়েন্টি ইতিহাসে এমন দ্রুত গতিতে এত বড় রান তাড়া করে জয় বিশ্ব ক্রিকেটেই বিরল ঘটনা।
আরটিভি/এসকে





