images

খেলা / ফুটবল

বামন ডাকায় তদন্তের মুখে ইয়ামাল

বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ০৫:৩১ পিএম

স্প্যানিশ ফুটবল প্রতিভা লামিনে ইয়ামাল নিজের ১৮তম জন্মদিন জমকালো আয়োজনে উদ্‌যাপন করলেও সে আয়োজনে থাকা একটি বিশেষ আয়োজন এখন তাকে ফেলে দিয়েছে বিতর্ক ও তদন্তের মুখে। অভিযোগ উঠেছে, বিনোদনের অংশ হিসেবে বামন ব্যক্তিদের ব্যবহার করে তিনি স্পেনের প্রতিবন্ধী আইনের লঙ্ঘন করেছেন।

জন্মদিনে অতিথিদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও, এক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যায়, ইয়ামালের পার্টি থেকে বামন ব্যক্তিরা বের হয়ে আসছেন। এই ভিডিও ঘিরেই মূলত শুরু হয় আলোচনা-সমালোচনা এবং তদন্তের দাবি।

স্পেনের সামাজিক অধিকারবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। ন্যায়পাল ও ঘৃণাপ্রসূত অপরাধ প্রতিরোধ দপ্তর বিষয়টি পাবলিক প্রসিকিউটর অফিসে প্রেরণ করেছে। তাদের দাবি, জন্মদিনের আয়োজনে প্রতিবন্ধীদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন।

এদিকে, স্পেনে বামনদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা অ্যাসোসিয়েশন ফর পিপল উইথ আকন্দ্রোপ্লাসিয়া অ্যান্ড আদার স্কেলেটাল ডিসপ্লাসিয়াস উইথ ডোয়ারফিজম কড়া ভাষায় এই ঘটনার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, বিনোদনের উদ্দেশ্যে বামনত্বে আক্রান্ত ব্যক্তিদের ব্যবহার নৈতিক ও আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।

তবে এক বামন পারফর্মার ভিন্নমত পোষণ করেছেন। তার ভাষ্য, কেউ আমাদের অসম্মান করেনি। আমরা শান্তিতে কাজ করেছি এবং আমাদের মতো মানুষদের জন্য এটি একটি পেশা। আমাদের কাজে বাধা দেওয়া হচ্ছে শুধু এ কারণে যে, এটি ইয়ামালের জন্মদিন ছিল। 

তিনি আরও অভিযোগ করেন, আমাদের ক্ষতি করছে, কিন্তু তারা যাদের পক্ষে কথা বলে, তাদের জন্য বাস্তব কোনো সহায়তা বা বিকল্প কাজের ব্যবস্থা করে না।

এ বিষয়ে স্পেনের সুপারিওর কাউন্সিল অব স্পোর্টস এর সভাপতি হোসে ম্যানুয়েল রদ্রিগেজ জানান, সরকার বিষয়টি সম্পর্কে অবগত এবং তদন্ত চলমান। তাই কাউকে এ নিয়ে অতি নাটকীয়তা না করার অনুরোধ করছি। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় কমিশনের একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন
WORLDCUP

২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে সুখবর দিলো ফিফা

এই বিতর্কে লামিনে ইয়ামালের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবে বিষয়টি যে তদন্তের মাধ্যমে নিষ্পত্তি পেতে যাচ্ছে, তা স্পষ্ট করে দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসকে -টি