images

খেলা / ক্রিকেট

গামিনীর বিকল্প খুঁজছে বিসিবি

সোমবার, ০৪ আগস্ট ২০২৫ , ১২:৩৩ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দীর্ঘদিনের কিউরেটর গামিনী ডি সিলভার বিকল্প খুঁজছে। গত এক যুগের বেশি সময় ধরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একমাত্র কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন গামিনী। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার তৈরি স্লো ও কম রানের উইকেট নিয়ে চলছে সমালোচনা।

এমন পরিস্থিতিতে বিসিবি শুরু করেছে নতুন কিউরেটর খোঁজার প্রক্রিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, ‘অবশ্যই গামিনীর বিকল্প খোঁজার কাজ চলছে।’

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে ব্যাটিং সহায়ক উইকেট তৈরির পরিকল্পনা করছে বিসিবি, যেখানে ফোকাস থাকবে রানপ্রসবা পিচ তৈরির ওপর। ফাহিম জানিয়েছেন, সম্ভাব্য সেরা বিকল্প হিসেবে বিবেচনায় আছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

তিনি বলেন, ‘আমরা তো আবুধাবির মতো উইকেট তৈরি করতে পারব না। তবে আমাদের সম্ভাব্য সেরা উইকেট সম্ভবত সিলেটেই। সেখানে কিছু রান হয়। টি-টোয়েন্টি ফরম্যাটে এমন উইকেট দরকার যেখানে স্কোর হবে। আমরা চেষ্টা করব সিলেটে খেলা আয়োজনের।’

উইকেটের মান নিয়ে ফাহিম আরও বলেন, ‘আমরা চাই অন্তত ১৭০-১৮০ রানের উইকেট হোক, সম্ভব হলে ২০০ রানের উইকেটও। ৩০০ রানের উইকেট হলে তো আরও ভালো। কিছুদিন আগে আমি সিলেট গিয়েছিলাম এবং উইকেট দেখে মনে হয়েছে ভালো ব্যাটিং ট্র্যাক তৈরি করা সম্ভব। আমাদের হাতে এখনো সময় আছে। এমন উইকেট চাই না যেখানে ১৩০-১৪০ রান করতেও কষ্ট হবে।’

আরও পড়ুন
WOKES

ভাঙা কাঁধেই মাঠে নামতে প্রস্তুত ওকস

বিসিবির এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের ব্যাটিং প্রস্তুতি আরও উন্নত হবে বলেই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, গামিনীর বিকল্প হিসেবে নতুন কিউরেটর দায়িত্বে আসেন কিনা এবং সিলেটের উইকেট কতটা প্রত্যাশা পূরণ করতে পারে। 

আরটিভি/এসকে/এস