ওভাল টেস্টের শেষ দিনে জমে উঠেছে ম্যাচের উত্তেজনা। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ৩৫ রান, আর ভারতের দরকার ৪ উইকেট। তবে এই ৪ উইকেটের হিসাব কিছুটা মিলিয়ে দেখা যায় ৩ উইকেটই যথেষ্ট। কারণ, গুরুতর কাঁধের চোটে মাঠের বাইরে থাকা ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকসের খেলার সম্ভাবনা ছিল না বলেই ধরে নেওয়া হচ্ছিল।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট জানিয়ে দিয়েছেন, দলের প্রয়োজনে ভাঙা কাঁধ নিয়েই ব্যাট করতে নামতে প্রস্তুত ওকস। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রুট বলেন, ‘ওকসও আমাদের সঙ্গেই আছে। সে প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু ইংল্যান্ডের জন্য নিজেকে ঝুঁকিতে ফেলতেও সে প্রস্তুত।’
চলমান সিরিজে দুই দলের খেলোয়াড়দের লড়াকু মানসিকতা নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। যেমন ভারতের ঋষভ পান্ত ভাঙা পা নিয়েই ব্যাট করেছেন ম্যানচেস্টার টেস্টে, তেমনি এবার ইংল্যান্ডের হয়ে আত্মত্যাগে প্রস্তুত ওকস। রুট বলেন, ‘এটা এমন এক সিরিজ, যেখানে খেলোয়াড়দের জীবন ঝুঁকির মুখে ফেলতে হয়েছে।’
উল্লেখ্য, ওভাল টেস্টের প্রথম দিনে বাউন্ডারি ঠেকাতে গিয়ে বাঁ কাঁধে গুরুতর চোট পান ৩৬ বছর বয়সী ওকস। এরপর স্ক্যান রিপোর্টে চোটের গুরুতরতা ধরা পড়ে এবং ইসিবি জানায়, তিনি আর এই ম্যাচে খেলতে পারবেন না। ফিজিওর সহায়তায় মাঠ ছাড়েন ওকস, পরে দেখা যায় বাঁ হাতে ব্যান্ডেজ ও ম্যাচের জার্সি পরে ড্রেসিংরুমে ঘোরাফেরা করছেন তিনি। ইঙ্গিত স্পষ্ট দলের প্রয়োজনে এক হাতেই ব্যাট করতে নামবেন ওকস।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ওকসের চোট ধারণার চেয়েও বেশি গুরুতর এবং অস্ত্রোপচার লাগতে পারে তার কাঁধে। এতে করে অন্তত পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে নভেম্বরে শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ অ্যাশেজ সিরিজও মিস করতে পারেন এই পেসার।
আরটিভি/এসকে/এস
