images

খেলা / ফুটবল

মেসির ইনজুরি নিয়ে ইন্টার মায়ামি যা জানাল

সোমবার, ০৪ আগস্ট ২০২৫ , ০১:৪৯ পিএম

ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়া লিওনেল মেসি আবারও ইনজুরির শিকার হয়েছেন। লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে খেলার মাত্র ১১ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা।

রোববার (৩ আগস্ট) ম্যাচের শুরুতেই আক্রমণে যাওয়ার সময় নেকাক্সার দুই ডিফেন্ডারের ট্যাকলে পড়ে যান মেসি। পড়ে গিয়ে ব্যথা পান ডান পায়ের পেশিতে। মাঠেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। প্রথমার্ধেই তাকে তুলে নিতে বাধ্য হয় দল।

সোমবার (৪ আগস্ট) ইন্টার মায়ামির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসির ডান পায়ের পেশিতে হালকা চোট ধরা পড়েছে। তবে তার মাঠে ফেরার সময় নির্ভর করছে চিকিৎসা ও পুনরুদ্ধার প্রক্রিয়ার ওপর। এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

তবে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ‘দ্য সকার বিজনেস’-এর বরাতে জানা গেছে, মেসিকে অন্তত ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এই হিসেবে, চলমান লিগস কাপের বাকি ম্যাচগুলোতে তার খেলার সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে।

ইন্টার মায়ামির লিগস কাপের পরবর্তী ম্যাচ ৭ আগস্ট, ইউনিভার্সিদাদ ন্যাসিওনালের বিপক্ষে। এই ম্যাচে মেসির খেলা নিশ্চিতভাবেই হচ্ছে না। এমনকি যদি দল ফাইনালেও পৌঁছায় (৩১ আগস্ট), সেখানেও মেসিকে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

আরও পড়ুন
fokhor

দল থেকে ছিটকে গেলেন ফখর জামান, অনিশ্চয়তায় ওয়ানডে সিরিজ

এমএলএসেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আগস্ট মাসে। ১০ আগস্ট অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে মায়ামি। এরপর ১৬ আগস্ট এলএ গ্যালাক্সি, ২৩ আগস্ট ডিসি ইউনাইটেড এবং ৩০ আগস্ট শিকাগো ফায়ারের বিপক্ষে মাঠে নামবে দলটি। ইনজুরি দীর্ঘস্থায়ী হলে এই ম্যাচগুলোতেও মেসিকে মিস করতে হতে পারে।

ইন্টার মায়ামির ভক্তদের জন্য এটি বড় ধাক্কা হলেও, ক্লাব ও চিকিৎসকরা আশাবাদী মেসি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।

আরটিভি/এসকে