দল থেকে ছিটকে গেলেন ফখর জামান, অনিশ্চয়তায় ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৪ আগস্ট ২০২৫ , ০১:৩৯ পিএম


ফখর জামান
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা ভালো হলেও বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান দল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার ফখর জামান।

টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচেই চোট পান ফখর। লডারহিলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৯তম ওভারে একটি বল তাড়া করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন তিনি। এরপর মেডিকেল পরীক্ষায় চোটের বিষয়টি নিশ্চিত হয়।

এই ইনজুরির ফলে সিরিজের তৃতীয় ম্যাচেও মাঠে নামতে পারেননি ফখর। তার জায়গায় একাদশে খেলেন খুশদিল শাহ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, ফখর জামানকে তাৎক্ষণিক চিকিৎসা ও প্রাথমিক সহায়তা প্রদান করা হয়েছে। টি-টোয়েন্টি সিরিজ শেষে ৪ আগস্ট তিনি দেশে ফিরে যাচ্ছেন। পুনর্বাসনের জন্য লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পিসিবির মেডিকেল ইউনিটের তত্ত্বাবধানে থাকবেন তিনি।

৩৫ বছর বয়সী ফখরের এই ইনজুরি অনেকটা মিল রয়েছে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ইনজুরির সঙ্গে, যখন প্রথম ম্যাচেই দৌড়ে গিয়ে একইভাবে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শিগগিরই, তবে এখনো জানানো হয়নি ফখরের পরিবর্তে কাউকে স্কোয়াডে যুক্ত করা হবে কিনা। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ত্রিনিদাদে। টি-টোয়েন্টি সিরিজে ফখরের ব্যাটে বড় কোনো ইনিংস না এলেও দুই ম্যাচে তার রান ছিল যথাক্রমে ২৮ ও ২০।

উল্লেখ্য, সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান দল গতকাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৩ রানে জয় পায়।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission