বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২৮ পিএম
আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি জানিয়ে দিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার জাতীয় দলের হয়ে শেষ আসর। বুধবার (১০ সেপ্টেম্বর) ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই তারকাকে। এর ফলে আগামী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারবেন না ৩৭ বছর বয়সী ওতামেন্ডি, থাকতে হবে দর্শক হয়ে।
এর আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘তেলেফ’-কে দেওয়া সাক্ষাৎকারে ওতামেন্ডি বলেন, সামনের এই বিশ্বকাপই হবে আমার জাতীয় দলের হয়ে শেষ প্রতিযোগিতা। আমি সবসময় চেষ্টা করেছি এই জার্সি পরে নিজের সেরাটা দিতে।
২০০৯ সালে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় ওতামেন্ডির। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১২৮ ম্যাচে মাঠে নেমে করেছেন ৭ গোল। দীর্ঘ ক্যারিয়ারে উত্থান-পতনের গল্প তুলে ধরে তিনি জানান, পরিবার সবসময় তাকে শিখিয়েছে লড়াই করে এগিয়ে যেতে।
এই ডিফেন্ডার বলেন, প্রথম ডিভিশনে খেলা আমার জন্য কঠিন ছিল, জাতীয় দলে জায়গা পাওয়া তো আরও কঠিন। জীবনে সবকিছুর দাম আছে, যোদ্ধার মতো লড়তে হয়। যেদিন কিছু হবে না, সেদিনের পরের দিন আবার চেষ্টা করতে হবে। সেটাই জীবন।
নিজের সেরা মুহূর্ত হিসেবে বেছে নিয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপ জয়কে। স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, কাতারের সেই দিনগুলো এখনও চোখের সামনে ভাসে। কুটি (রোমেরো) তখন শ্যাম্পেন খাচ্ছে, সিগার টানছে, সবকিছু যেন পাগলাটে। সেই শিরোপার কোনও তুলনা হয় না।
জাতীয় দল থেকে বিদায় নেওয়ার পর আর্জেন্টিনায় ফিরবেন কি নাএমন প্রশ্নে সিদ্ধান্ত ভবিষ্যতের হাতে ছেড়ে দেন তিনি। ওতামেন্ডি বলেন, সত্যি বলতে এখনও কিছু জানি না। ২০২৬ বিশ্বকাপের পর সেটা ভেবে দেখব। ফিদেও (ডি মারিয়া) ফিরে এসেছে, দারুণ খেলছে। লেয়াও (পারেদেস)। ওরা আমার বন্ধু, তাদের খুশি দেখে আমারও খুব আনন্দ হয়।
আরটিভি/এসকে