রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:২৬ পিএম
টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নতুন ইতিহাস গড়লেন দুই স্প্রিন্টার। নারীদের ১০০ মিটার স্প্রিন্টে যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে হয়েছেন বিশ্বের দ্রুততম মানবী। এটি শুধু এবারের চ্যাম্পিয়নশিপেই নয়, বরং নারীদের ১০০ মিটারের ইতিহাসে চতুর্থ দ্রুততম দৌড়।
অন্যদিকে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন জ্যামাইকার অবলিক সেভিল। দীর্ঘ বিরতির পর আবারও বিশ্ব মঞ্চে উজ্জ্বল হলো জ্যামাইকার নাম। ২০১৬ রিও অলিম্পিকে উসাইন বোল্টের সোনার পর এটাই প্রথমবার, যখন কোনো জ্যামাইকান অ্যাথলেট বিশ্ব শিরোপা জিতলেন।
পুরুষদের ১০০ মিটারে রুপা জিতেছেন জ্যামাইকার কিশানে টম্পসন, সময় নিয়েছেন ৯.৮২ সেকেন্ড। আর ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন নোয়াহ লাইলস।
টোকিওর গ্যালারিতে বসে নিজ দেশের তরুণ সেভিলের ঐতিহাসিক জয় দেখেছেন কিংবদন্তি উসাইন বোল্ট। প্রিয় উত্তরসূরির সাফল্যে বেজায় খুশি হয়েছেন তিনি। টোকিও চ্যাম্পিয়নশিপে এই জয় নারীদের এবং পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে নতুন এক যুগের সূচনা করে দিয়েছে।
আরটিভি/এসকে