শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:১২ পিএম
জাতীয় দলের হয়ে আগেই বিদায় নিয়েছিলেন, এবার পেশাদার ফুটবলকেও বিদায় জানালেন জার্মানির বিশ্বকাপজয়ী ডিফেন্ডার জেরোমে বোয়াটেং। ৩৭ বছর বয়সী এই সেন্টারব্যাক আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে শিরোপা জেতা জার্মান দলের অন্যতম ভরসা ছিলেন বোয়াটেং। জার্মানির হয়ে তিনি মোট ৭৬ ম্যাচ খেলেছেন। এছাড়া ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তৃতীয় হওয়া দলেও ছিলেন তিনি।
ক্লাব ক্যারিয়ারে বোয়াটেং খেলেছেন সাতটি ভিন্ন ক্লাবে। তবে সবচেয়ে সফল সময় কেটেছে বায়ার্ন মিউনিখে। ২০১১ সালে ম্যানচেস্টার সিটি থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর এক দশকে তিনি জিতেছেন ৯টি বুন্দেসলিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ক্লাব বিশ্বকাপসহ মোট ২২টি ট্রফি।
২০২১ সালে বায়ার্ন ছাড়ার পর তিনি খেলেছেন ফ্রান্সের অলিম্পিক লিওঁ, ইতালির সালেরনিতানা এবং সর্বশেষ অস্ট্রিয়ার লাস্ক লিন্সে। যদিও লাস্কের সঙ্গে তার চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত, তবে গত ১৯ আগস্ট পারস্পরিক সমঝোতায় সেই চুক্তি বাতিল হয়। এর এক মাস পরেই তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দিলেন।
অবসর নিয়ে আবেগঘন বার্তায় বোয়াটেং বলেন, আমি দীর্ঘদিন ধরে খেলেছি। বড় ক্লাবের হয়ে খেলেছি, দেশের হয়ে খেলেছি। এই যাত্রায় শিখেছি, জিতেছি, হেরেছি সব মিলিয়ে সমৃদ্ধ হয়েছি। ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। তবে এখন সামনে তাকানোর সময় এসেছে। সব দল, সমর্থক, যাঁরা আমাকে এগিয়ে নিয়েছেন এবং বিশেষ করে আমার পরিবার ও সন্তানদের প্রতি আমি কৃতজ্ঞ।
বায়ার্ন মিউনিখ ও জার্মান ফুটবলের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবেন জেরোমে বোয়াটেং।
আরটিভি/এসকে