সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ , ০২:২২ পিএম
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। সেই জয়ে বল হাতে বড় ভূমিকা রেখেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার দারুণ পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক দুই তারকা ক্রিকেটার ওমর গুল ও শোয়েব মালিক।
মুস্তাফিজকে নিয়ে ওমর গুল বলেন, আবুধাবিতে এক রকম উইকেটে খেলা হয়েছে, আজ আবার ভিন্ন উইকেটে খেলা হচ্ছে। কিন্তু মুস্তাফিজ তার অভিজ্ঞতা থেকে সবখানেই সেরাটা দিয়েছে। সে ব্যাক অব দ্য লেংথ ব্যবহার করেছে। এঙ্গেল করে হার্ড লেংথে বল ফেলেছে এবং উইকেটও পেয়েছে।
তিনি আরও যোগ করেন, দুই দলের পেসারদের মধ্যে মুস্তাফিজ পুরোপুরি আলাদা ছিল। সে অসাধারণ বোলিং করেছে। তার হার্ড লেংথে এঙ্গেল করা ডেলিভারি ব্যাটাররা খেলতে পারেনি, মারতেও পারেনি। একইসঙ্গে সে গুরুত্বপূর্ণ উইকেটও তুলেছে।
মুস্তাফিজের প্রশংসায় শোয়েব মালিক বলেন, মুস্তাফিজের স্ট্রেংথ এটাই যে, সে সবসময় নিজের শক্তির জায়গায় খেলে। সে মার খেলেও স্ট্রেংথ ধরে রাখে। এর মানে হচ্ছে বছরের পর বছর সে নিজের স্কিল নিয়ে কাজ করেছে। তার অ্যাকশন আনঅর্থোডক্স, এজন্য সে ভিন্ন কন্ডিশনে ভালো বোলিং করতে পারে। তার স্লোয়ার দারুণ, আবার হার্ড লেংথের ডেলিভারিও অসাধারণ।
বাংলাদেশের এ বাঁহাতি পেসারের ধারাবাহিক সাফল্যে বিশেষ করে বড় ম্যাচে তার গুরুত্ব আবারও প্রমাণিত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরটিভি/এসকে