images

খেলা / ক্রিকেট

বিসিবি নির্বাচন ঘিরে ক্রিকেটারদের ফেসবুক পোস্ট, ক্রীড়া উপদেষ্টা যা বললেন

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:৫৫ পিএম

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। তবে নির্বাচনের আগে ইতিমধ্যেই বিভিন্ন নাটকীয়তা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে, শেষ দুই দিন ধরে বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, পৃথিবীর কোথাও আপনি দেখবেন না কোনো ক্রিকেটার, বর্তমানে খেলতে থাকা ক্রিকেটার বোর্ড নির্বাচনের বিষয়ে মন্তব্য করছে। এটি তার কন্ট্রাক্টের সম্পূর্ণ লঙ্ঘন। ক্রিকেটারদের দিয়ে দলাদলি করানো আমরা ভক্ত হিসেবে দুই, পাঁচ বছর আগে দেখেছি, এখনও হচ্ছে। এটি খুবই দুঃখজনক, আর যারা এটি করাচ্ছেন, তাদের শেইম ফিল করা উচিত।

নির্বাচন ঘিরে ক্রিকেটারদের অবস্থানও স্পষ্ট। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন ফেসবুকে লিখেছেন, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন মন্তব্য করেছেন, বোর্ড প্রেসিডেন্ট আসা-যাওয়া যেন ক্রিকেটের টসের মতো কখন কার ভাগ্য জোটে বলা মুশকিল। সুন্দর পরিবেশে, স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতা ও শত্রুতা ছাড়া নির্বাচন হোক। যেখানে জয়ী হবে কেবল ক্রিকেট।

এর আগে জেলা ও বিভাগীয় কাউন্সিলররা বিসিবি সভাপতি আমিনুল ইসলামের চিঠির বিরুদ্ধে রিট করেন। গত সোমবার হাইকোর্ট বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেন। যদিও পরে আপিল বিভাগের চেম্বার আদালত তা স্থগিতাদেশ প্রত্যাহার করে। এরপর ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বিসিবি নির্বাচন কমিশন ১৭৭ জন কাউন্সিলরের নাম প্রকাশ করে।

আরও পড়ুন
asia-cup

৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপ যে ঘটনার সাক্ষী হবে

বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন, ক্লাব ক্যাটাগরিতে ১২ জন এবং বিশ্ববিদ্যালয় ও সংস্থার ক্যাটাগরিতে ১ জন। পরিচালনা পর্ষদের ২৫ পরিচালক ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হবেন।

আরটিভি/এসকে