images

খেলা / ফুটবল

ইসরায়েলি ফুটবল নিষিদ্ধ করতে উয়েফাকে ৩০ আইন বিশেষজ্ঞের চিঠি

শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ০৫:১৯ পিএম

ইসরায়েলি ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গন থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন ইউরোপ ও বিশ্বের বিভিন্ন প্রান্তের ৩০ জনের বেশি আইন বিশেষজ্ঞ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান অভিযানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিনের কাছে পাঠানো এক খোলা চিঠিতে এ দাবি তোলা হয়।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২ অক্টোবর) পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, জাতিসংঘের তদন্তে ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গাজায় ‘জাতিগত নিধন’-এর প্রেক্ষাপটে ইসরায়েলকে নিষিদ্ধ করা এখন একান্ত জরুরি। 

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর অন্তত ৪২১ জন ফিলিস্তিনি ফুটবলার নিহত হয়েছেন। এছাড়া ধারাবাহিক বোমা হামলায় গাজার ক্রীড়া অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যা একটি গোটা প্রজন্মের ক্রীড়াবিদদের নিশ্চিহ্ন করেছে।

আইন বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন, ইসরায়েলি ফুটবল সংস্থা (আইএফএ) এসব মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি। ফলে উয়েফার প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ ‘অগ্রহণযোগ্য’ বলে দাবি করেছেন স্বাক্ষরকারীরা।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশনের নির্বাহী পরিচালক এলিসা ভন জোডেন-ফোরজি, কয়েকজন সাবেক জাতিসংঘ বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইনবিষয়ক গবেষক।

এদিকে, ইসরায়েলের জাতীয় দল বর্তমানে ইউরোপীয় বিশ্বকাপ বাছাইপর্বে খেলছে এবং তাদের ক্লাবগুলো উয়েফার দেশীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে গ্লাসগো, প্যারিস, রোম ও বিলবাওসহ বিভিন্ন শহরে ফুটবলভক্তরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়ুন
BANGLADESH

বাংলাদেশসহ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হলো যাদের

আইন বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক আইন ও নৈতিক দায়িত্ব রক্ষায় অবিলম্বে ইসরায়েলি ফুটবলের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা উয়েফার দায়িত্ব।

আরটিভি/এসকে