images

খেলা / ক্রিকেট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন বাবর আজম

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ০৮:৫০ এএম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) নতুন মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরে রোববার (১২ অক্টোবর) শুরু হওয়া প্রথম টেস্টে ব্যাট হাতে বড় কিছু করতে না পারলেও ইতিহাস গড়েছেন বাবর। ইনিংসে মাত্র ২৩ রান করেই আউট হন তিনি। তবে এর আগেই ডব্লিউটিসিতে নিজের ৩ হাজারতম রান পূর্ণ করেন সাবেক এই পাকিস্তান অধিনায়ক।

ইনিংসের শুরুতে সেনুরান মুথুসামির করা এক বলে ইনসাইড এজে চার মেরে বাবর স্পর্শ করেন ঐতিহাসিক মাইলফলকটি। এই অর্জনের মধ্য দিয়ে প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের রেকর্ড গড়লেন তিনি।

বর্তমানে ৬৭ ইনিংসে বাবরের সংগ্রহ ৩ হাজার ২১ রান। ব্যাটিং গড় ৪৭.২৫ ও স্ট্রাইক রেট ৫৪.১। তালিকায় তিনি এখন ইংল্যান্ডের জ্যাক ক্রলির ঠিক নিচে, যার সংগ্রহ ৯৫ ইনিংসে ৩ হাজার ৪১ রান।

আরও পড়ুন
messi

নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি

এশিয়ানদের মধ্যে বাবরের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছেন ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুভমান গিল। ইতোমধ্যে ৭১ ইনিংসে ২ হাজার ৮২৬ রান করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে অপরাজিত ১২৯ রানের ইনিংস খেলে নিজের ১০ম টেস্ট সেঞ্চুরিও পূর্ণ করেছেন গিল। ধারাবাহিকতা বজায় থাকলে তিনিও শিগগিরই ৩ হাজার রানের ক্লাবে নাম তুলবেন বলে ধারণা করা হচ্ছে। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহকরা

৬ হাজার ৮০ – জো রুট (ইংল্যান্ড)।
৪ হাজার ২৭৮ – স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)।
৪ হাজার ২২৫ – মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া)।
৩ হাজার ৬১৬ – বেন স্টোকস (ইংল্যান্ড)।
৩ হাজার ৩০০ – ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
৩ হাজার ২৮৮ – উসমান খাজা (অস্ট্রেলিয়া)।
৩ হাজার ৪১ – জ্যাক ক্রলি (ইংল্যান্ড)।
৩ হাজার ২১ – বাবর আজম (পাকিস্তান)।

আরটিভি/এসকে