নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ০৮:৩৭ এএম


লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

বয়স যেন কেবল সংখ্যা লিওনেল মেসির জন্য। ৩৮ বছর বয়সেও মাঠে নামলেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন সুপারস্টার।

বিজ্ঞাপন

রোববার (১২ অক্টোবর) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলে বড় জয়ে জোড়া গোল করেন মেসি। এর মাধ্যমে এক মৌসুমে নবমবারের মতো দুই বা ততোধিক গোল করার নজির গড়েন তিনি যা এমএলএস ইতিহাসে একক রেকর্ড।

এই জোড়া গোলের পর লিগে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৬। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন এলএএফসি’র দ্যনি বুয়াঙ্গার চেয়ে দুই গোলে এগিয়ে। পাশাপাশি সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (MVP) পুরস্কার ধরে রাখারও জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে তার সামনে। যদি এবারও পুরস্কার জিততে পারেন, তবে হবেন এমএলএস ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি পরপর দুই মৌসুমে এই সম্মান অর্জন করবেন।

বিজ্ঞাপন

এ মৌসুমে মেসির গোল অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) এখন পর্যন্ত ৪৪। তিনি মাত্র পাঁচ ধাপ দূরে রয়েছেন কার্লোস ভেলার ২০১৯ সালের ৪৯ অবদানের সর্বোচ্চ রেকর্ড থেকে। ইতোমধ্যেই ইন্টার মায়ামি নিশ্চিত করেছে প্লে-অফের টিকিট। নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে দলটি মুখোমুখি হবে ন্যাশভিলের।

তবে এই রেকর্ডম্যাচে মেসির মাঠে নামা নিয়েই ছিল অনিশ্চয়তা। আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াডে থাকলেও ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে বিশ্রাম পান তিনি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির অনুমতিতেই ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো তাকে খেলান।

বিজ্ঞাপন

মাশ্চেরানো বলেন, স্কালোনির সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানান মেসিকে বিশ্রামে রাখা হবে। পরে লিওর সঙ্গে কথা বলি, সে জানায় পুরোপুরি ফিট আছে এবং খেলতে চায়। আর সবাই দেখেছে তার প্রভাব গোল করেছে, দলকে জিতিয়েছে।

ইন্টার মায়ামির ড্রেসিংরুমে এখন কিছুটা আবেগও ছড়িয়ে আছে। মৌসুম শেষে বিদায় নিচ্ছেন মেসির দুই পুরনো সতীর্থ জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। তাই মাশ্চেরানো চান, তাদের জন্য মৌসুমটি যেন ট্রফি জিতেই শেষ হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, তাদের সঙ্গে আবার কাজ করতে পারা আমার জন্য বিশেষ কিছু। হয়তো আমি তাদের শেষ কোচ হিসেবে থাকব, তাই একটা ট্রফি দিয়ে সুন্দর বিদায় দিতে চাই।

আরও পড়ুন

অন্যদিকে মেসির ভবিষ্যৎ নিয়েও আশার খবর শোনা যাচ্ছে মায়ামি শিবিরে। বর্তমান চুক্তির মেয়াদ শেষের পথে হলেও, নতুন চুক্তির আলোচনাও প্রায় শেষ পর্যায়ে। সব কিছু ঠিক থাকলে, চল্লিশের কোঠায় পা দিয়েও এমএলএসে দেখা যাবে ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টি লিখতে থাকা মানুষটিকে লিওনেল মেসিকে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission