images

খেলা / ফুটবল

প্রবাসীদের হাত ধরে প্রথমবারের মতো বিশ্বকাপে কেপ ভার্দে

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ১০:২৬ এএম

ইতিহাস গড়ল আফ্রিকার ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দে। প্রবাসী খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপে। ঘরের মাঠে এসওয়াতিনিকে ৩–০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দেশটি।

প্রাইয়ার ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ঐতিহাসিক ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন কেপ ভার্দের রাষ্ট্রপতি জোসে মারিয়া নেভেস। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র।

ডাচ বংশোদ্ভূত ফরোয়ার্ড ডাইলন লিভ্রামেন্তো গোল করে দলকে এগিয়ে নেন। কিছুক্ষণ পরেই উইলি সেমেদোর দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ হয়। যোগ করা সময়ে অভিজ্ঞ ডিফেন্ডার স্টোপিরার গোলে নিশ্চিত হয় বড় জয় ৩–০।

এরপরই মাঠজুড়ে শুরু হয় উৎসবের বন্যা। খেলোয়াড় থেকে সমর্থক সবাই মেতে ওঠে ইতিহাস গড়ার আনন্দে।

গত মাসে ক্যামেরুনকে হারিয়ে ডি গ্রুপের শীর্ষে ওঠে কেপ ভার্দে। শেষ দুই ম্যাচে একটি জয়ই ছিল বিশ্বকাপে যাওয়ার শর্ত। লিবিয়ার সঙ্গে ৩–৩ গোলে ড্রয়ের পর এসওয়াতিনির বিপক্ষে আর কোনো ভুল করেনি তারা। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের আসন।

প্রায় সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে ১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং ১৯৮৬ সালে ফিফার সদস্যপদ পায়। ২০০২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেয় তারা, তবে সফলতা আসেনি। পরবর্তীতে ধীরে ধীরে আফ্রিকান ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে দেশটি। ২০১৩ ও ২০২৩ সালের আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) দুই আসরেই পৌঁছেছিল কোয়ার্টার ফাইনালে।

আফ্রিকার দেশগুলোর মধ্যে প্রথমবার প্রবাসী ফুটবলারদের দলে নেওয়ার সাহসী পদক্ষেপ নেয় কেপ ভার্দে। বর্তমানে তাদের দলে রয়েছেন ডাচ, পর্তুগিজ, আইরিশ ও ফরাসি বংশোদ্ভূত একাধিক খেলোয়াড়।

আরও পড়ুন
messi

বিশ্রাম কাঁটিয়ে আর্জেন্টিনার একাদশে ফিরছেন মেসি!

শেষ পর্যন্ত সেই প্রবাসী তারকারাই পূরণ করলেন দেশের স্বপ্ন প্রবাসীদের হাত ধরেই বিশ্বকাপে কেপ ভার্দে! 

আরটিভি/এসকে