মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ০১:৩০ পিএম
ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না লেগস্পিনার অ্যাডাম জাম্পা এবং উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস। ১৯ অক্টোবর পার্থে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগেই জাম্পা পিতৃত্বকালীন ছুটিতে গেছেন, আর ইংলিস এখনও পায়ের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি।
জাম্পার পরিবর্তে দলে ডাক পেয়েছেন স্পিনার ম্যাথু কুনেমান। আর ইংলিসের বদলে চার বছর পর ওয়ানডে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার জশ ফিলিপ।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের (সিএ) প্রত্যাশা, ইংলিস তৃতীয় ওয়ানডের আগেই ফিট হয়ে ফিরবেন। তবে প্রথম দুই ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে অজিদের।
অন্যদিকে, উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি বর্তমানে শেফিল্ড শিল্ডে খেলে আসন্ন অ্যাশেজের প্রস্তুতি নিচ্ছেন। তিনি দ্বিতীয় ওয়ানডে থেকে স্কোয়াডে যোগ দেবেন।
জাম্পা বর্তমানে স্ত্রী হ্যারিয়েটের পাশে আছেন, যিনি শিগগিরই তাদের দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। ফলে পার্থে দলের সঙ্গে না গিয়ে তিনি থেকে গেছেন নিউ সাউথ ওয়েলসে।
তিন বছর পর ওয়ানডে দলে ফেরা কুনেমানের জন্য এটি ঘরের মাঠে এই ফরম্যাটে প্রথম ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাকে একাধিক সিরিজে স্কোয়াডে রাখা হলেও সুযোগ খুব একটা পাননি এই বাঁহাতি স্পিনার।
ওয়ানডে সিরিজ শেষে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, যেখানে জাম্পাকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), হ্যাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কপার কনলি, বেন ডারউইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ (উইকেটরক্ষক), জশ ফিলিপ (উইকেটরক্ষক), মিচেল ওয়েন, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুনেমান।
আরটিভি/এসকে