বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ০১:১০ পিএম
আন্তর্জাতিক ফুটবলে ফেরার ম্যাচেই নতুন ইতিহাস রচনা করলেন লিওনেল মেসি। প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। মায়ামিতে অনুষ্ঠিত এ ম্যাচে মাঠে নামেন জাতীয় দলের জার্সিতে মেসি, যিনি দুইটি অ্যাসিস্ট করে গড়েছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের বিশ্বরেকর্ড।
মেসির পাস থেকেই দ্বিতীয় গোলটি করেন গঞ্জালো মন্টিয়েল, আর পরেরটিতে সহায়তা দেন লাউতারো মার্টিনেজকে। এই দুই অ্যাসিস্টের সুবাদে আর্জেন্টিনার হয়ে তার মোট অ্যাসিস্ট দাঁড়ায় ৬০টি, যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ।
এ রেকর্ডের মাধ্যমে মেসি পেছনে ফেলেছেন ব্রাজিলের নেইমার জুনিয়র ও যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডোনোভানকে, যাদের অ্যাসিস্ট সংখ্যা ছিল ৫৮। তাদের পরেই অবস্থান করছেন দুই হাঙ্গেরিয়ান কিংবদন্তি শানদর কোকসিস (৫১) ও ফেরেঙ্ক পুসকাস (৫০)।
অন্যদিকে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির মোট অ্যাসিস্ট এখন ৩৯৮টি। অর্থাৎ, আর মাত্র দুইটি অ্যাসিস্ট করলেই তিনি স্পর্শ করবেন আরেক মাইলফলক ৪০০ অ্যাসিস্টের রেকর্ড।
আগামী শনিবার ন্যাশভিলের বিপক্ষে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামবেন তিনি, যেখানে নতুন এই অর্জন স্পর্শ করার অপেক্ষায় থাকবেন আর্জেন্টাইন সুপারস্টার।
আরটিভি/এসকে