ইউরোপের প্রথম দল হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে লাটভিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দিয়ে টমাস টুখেলের দল আগে ভাগেই ‘কে’ গ্রুপের শীর্ষস্থান পাকা করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে লাটভিয়ার বিপক্ষে বড় জয়ের পর ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে টুখেলের দল নিশ্চিত করেছে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য মেগা টুর্নামেন্টের টিকিট। সমান ম্যাচ খেলে গ্রুপের দুই নম্বরে থাকা আলবেনিয়ার পয়েন্ট ১১।
ম্যাচে ইংল্যান্ডের হয়ে হ্যারি কেইন করেছেন দুটি গোল। অ্যান্থনি গর্ডন ও এবেরেচি এজে একটি করে গোল করেন। আরেকটি গোল এসেছে লাটভিয়ার রাইট–ব্যাক ম্যাক্সিমস টনিশেভসের আত্মঘাতি অবদানে।

বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন অধিনায়ক কেইন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে চলতি মৌসুমে ইতোমধ্যে ২১ গোল করেছেন তিনি। নিজের পারফরম্যান্স নিয়ে কেইনের মন্তব্য, আমি ভালো অনুভব করছি। সংখ্যাগুলো নিজেই কথা বলে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঠে আমি যেভাবে দৌড়াচ্ছি, পাস দিচ্ছি সব মিলিয়ে নিজেকে দারুণ অবস্থায় পাচ্ছি।
২০০৯ সাল থেকে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত ইংল্যান্ড এখন পর্যন্ত টানা ৩৭ ম্যাচে হারেনি। বাছাইপর্বে সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ডটি স্পেনের, যারা ১৯৯৩ থেকে ২০২১ পর্যন্ত ৬৬ ম্যাচে হারেনি।
অন্যদিকে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফলাফল মিলিয়ে ইংল্যান্ড ২০১৫ সাল থেকে টানা ৫৭ ম্যাচে অপরাজিত রয়েছে। বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ টমাস টুখেল।
তিনি বলেন, ৬ ম্যাচে ৬ জয়, কোনো গোল হজম নয় এর চেয়ে ভালো ফল হতে পারে না। ছেলেরা দুর্দান্ত খেলেছে। মাঠে উচ্চচাপের খেলা, শারীরিক লড়াই সব জায়গায় আমরা এগিয়ে ছিলাম। এখনো আমাদের ক্ষুধা শেষ হয়নি।
নভেম্বরে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে ঘরের মাঠে সার্বিয়া ও বাইরে আলবেনিয়ার বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
আরটিভি/এসকে




