বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ , ১০:৩০ এএম
দীর্ঘ ৩৬ বছর পর সবশেষ ফিফা ফুটবল বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এবার ১৮ বছর পর যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে আলবিসেলেস্তারা। রোমাঞ্চকর সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে টিকিট পেয়েছে আর্জেন্টিনা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চিলির জুলিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ফল নির্ধারণী একমাত্র গোলটি করেছেন মাতেও সিলভেট্টি।
এদিন ম্যাচের প্রথমার্ধে আক্রমণ-প্রতি আক্রমণ হলেও, কেউ গোলের দেখা পায়নি। ফলে ডেডলাইন ভাঙতে অপেক্ষা করতে হয়েছে ৭২ মিনিট পর্যন্ত। লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ সিলভেট্টি কোয়ার্টারের পর সেমিতেও গোলের দেখা পেলেন।
চলতি বিশ্বকাপে এ নিয়ে এটি তার চতুর্থ গোল। অন্যদিকে, হারের সঙ্গে কলম্বিয়ার সঙ্গী হয় ৭৯ মিনিটে মিডফিল্ডার জন এনটারিয়ার দুই হলুদ কার্ড মিলে দেখা লাল কার্ড। ১০ জনের কলম্বিয়া ১-০ গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি।
সবশেষ ২০০৭ সালে কানাডায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আলবিসেলেস্তাদের ষষ্ঠ শিরোপা জয়ী দলে খেলেছিলেন কুন আগুয়েরো, আনহেল ডি মারিয়া ও গোলরক্ষক সার্জিও রোমেরো। এর পরবর্তী ৭ আসরে একবার কোয়ার্টার ফাইনালে উঠাই ছিল আর্জেন্টিনার সর্বোচ্চ সাফল্য।

আরেক সেমিফাইনালে আফ্রিকান দেশ মরক্কো ইউরোপীয় জায়ান্ট ফ্রান্সের সঙ্গে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে। যেখানে নির্ধারিত সময়ে ১-১ সমতায় ছিল দুই দল। আত্মঘাতি গোলে ৩২ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন ফ্রান্সের লিসান্দ্রো ওলমেটা।
লুকাস মিচেলের গোলে ফরাসি যুবারা ৫৯ মিনিটে সমতায় ফেরে। ৯০ মিনিট পর্যন্ত বাকি সময়ে আর কেউ গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে স্কোরশিট অপরিবর্তিত থাকার পর রোমাঞ্চকর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে মরক্কো।
আরটিভি/এসআর