এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে একের পর এক হলুদ কার্ডের খেসারত গুনছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইতোমধ্যে চার ম্যাচে মোট ৯টি হলুদ কার্ড দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এরই মধ্যে এসেছে বড় দুঃসংবাদ কার্ড জটিলতায় ভারতের বিপক্ষে খেলতে পারবেন না দলের প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম।
এএফসি’র নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় দুই ম্যাচে দুইটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে তিনি নিষিদ্ধ থাকবেন। সেই নিয়মেই ভারত ম্যাচ মিস করবেন ইতালিপ্রবাসী ফাহমিদুল।
গত ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক ম্যাচেই প্রথম হলুদ কার্ড দেখেন তিনি। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আবারও কার্ড দেখে ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যান এই ফরোয়ার্ড।
এর আগে, এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে হৃদয় ও মজবুর রহমান জনি কার্ড দেখেছিলেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সবচেয়ে বেশি চারজন খেলোয়াড় (শাকিল আহাদ তপু, তপু বর্মণ, ফাহিম ও ফাহমিদুল) কার্ড দেখেন। হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচে রাকিব হোসেন, তারিক ও আবারও ফাহমিদুল কার্ড পান।
ফলে আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ হোম ম্যাচে এক কার্ড পাওয়া খেলোয়াড়দের বিশেষভাবে সতর্ক থাকতে হবে, নাহলে পরের ম্যাচ (৩০ মার্চ, সিঙ্গাপুরের বিপক্ষে) থেকেও কেউ কেউ নিষিদ্ধ হতে পারেন।
অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ভারত ম্যাচের প্রস্তুতি শুরু করার কথা জাতীয় দলের। তবে ফাহমিদুল ইসলামকে প্রাথমিক স্কোয়াডে না রাখার সম্ভাবনাই বেশি। এখন দেখা বাকি, স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বিকল্প হিসেবে কাকে সুযোগ দেন।
এদিকে, তিন বছরের বেশি সময় ধরে দায়িত্বে থাকা কোচ ক্যাবরেরার অধীনে তেমন উল্লেখযোগ্য সাফল্য না আসায়, তাকে বদলের দাবিও জোরালো হচ্ছে। ভারত ম্যাচের আগে ফেডারেশন কোচ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেয় কিনা, সেটিই এখন দেখার বিষয়।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ মাঠে গড়াবে ১৮ নভেম্বর।
আরটিভি/এসকে




