শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ০৮:২৬ পিএম
ব্রাজিলের তরুণ ফুটবলার অ্যান্টনি ইয়লানো এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পিয়াউই এস্পোর্তে ক্লাবের হয়ে খেলা মাত্র ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিলের ফুটবল অঙ্গনে।
ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর ভোরে। স্থানীয় সময় রাত ৩টা ২৫ মিনিটে পিয়াউই রাজ্যের বিআর–৩৪৩ মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ইয়লানোর বাইকটি রাস্তা পার হওয়া একটি গরুর সঙ্গে ধাক্কা খায়। স্থানীয় গণমাধ্যম জানায়, সেদিন বাবার জন্মদিনের অনুষ্ঠান শেষে তিনি বাড়ি ফিরছিলেন।
ধাক্কার পর ইয়লানোর মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং কিছু সময় পর প্রাণীটিও মারা যায়। ফেডারেল হাইওয়ে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই ইয়লানো গুরুতর আহত হন। উদ্ধারকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। তিনি হেলমেট পরেছিলেন কি না, তা নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছে ইয়লানোর ক্লাব পিয়াউই এস্পোর্তে ক্লুব। এক বিবৃতিতে তারা জানিয়েছে,“আমরা গভীর শোকে আছি। অ্যান্টনি ইয়লানো মাঠে ও মাঠের বাইরে ছিল এক আদর্শ তরুণ। সে ২০২৪ সাল থেকে আমাদের পরিবারের অংশ ছিল এবং অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তার সাবেক দুই ক্লাব আসোসিয়াসাও আতলেতিকা দি আলতোস ও ফ্লুমিনেন্সে–পিআই–ও ইয়লানোর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ইয়লানো ২০২৩ সালে সিরি–সি লিগে আলতোসের হয়ে রেমোর বিপক্ষে পেশাদার অভিষেক করেছিলেন। অনূর্ধ্ব–২০ দলে তার গোলসংখ্যা ছিল ২৮টি।
আগামী মাসে পিয়াউইর হয়ে কোপা দো ব্রাজিল অনূর্ধ্ব–২০ এবং মর্যাদাপূর্ণ কোপা সাও পাওলো জুনিয়র টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এই প্রতিভাবান ফরোয়ার্ড।
আরটিভি/এসকে