শনিবার (২৫ অক্টোবর) থেকে পর্দা উঠছে দেশের প্রাচীনতম ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের। চার দিনের এই লাল বলের টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। সব ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়, আর সরাসরি সম্প্রচার করা হবে বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
এবারের এনসিএলে নতুন সংযোজন ময়মনসিংহ বিভাগ, যারা প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন, আর অধিনায়ক হিসেবে থাকছেন আব্দুল মজিদ। গত আসরে খেলা ঢাকা মেট্রো এবার নেই এই আসরে।
এর আগে সিলেটে অনুষ্ঠিত হয়েছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর, যেখানে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ।
চার দিনের ফরম্যাটের এই টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেট কাঠামোয় অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত। এখান থেকেই উঠে আসেন জাতীয় দলের ভবিষ্যৎ ক্রিকেটাররা।
এবারের এনসিএলে শুরু থেকেই মাঠে নামছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তিনি সিলেট বিভাগের হয়ে খেলবেন, সামনে আন্তর্জাতিক সিরিজ থাকায় নিজেকে প্রস্তুত করতে মাঠে নামছেন তিনি। এছাড়া সাব্বির রহমান, নাসির হোসেন ও সৌম্য সরকারও খেলবেন এবারের আসরে।
উদ্বোধনী দিনে মাঠে নামবে সব ৮টি দল। দেশের তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের ম্যাচগুলো।
.সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে সিলেট বনাম ময়মনসিংহ বিভাগ
.সিলেট একাডেমি মাঠে খেলবে ঢাকা বিভাগ বনাম রংপুর বিভাগ
.খুলনা বিভাগীয় মাঠে হবে খুলনা বনাম বরিশাল বিভাগের ম্যাচ
.রাজশাহী বিভাগীয় মাঠে লড়বে রাজশাহী বনাম চট্টগ্রাম বিভাগ
এবারের আসরে খেলা হবে দেশের একাধিক ভেন্যুতে এর মধ্যে রয়েছে খুলনার বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট ও কক্সবাজারের দুটি করে মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, রাজশাহীর বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রাম, মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়াম, এবং বিকেএসপির ৩ নম্বর মাঠ।
এনসিএলের নতুন মৌসুম ঘরোয়া ক্রিকেটে নতুন সম্ভাবনা আর প্রতিভার দিগন্ত উন্মোচন করবে বলেই আশা ক্রিকেট সংশ্লিষ্টদের।
আরটিভি/এসকে
