শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ০৯:৪২ পিএম
চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও হতাশাজনক পারফরম্যান্সে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিমের একক লড়াই সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটের পরাজয় বরণ করে টাইগাররা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে করে ১৫১ রান। দলের পক্ষে তানজিদ তামিম খেলেন দুর্দান্ত ৮৯ রানের ইনিংস। কিন্তু বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের ফিল্ডারদের একাধিক ক্যাচ মিসে সুবিধা পায় ওয়েস্ট ইন্ডিজ। আমীর জাঙ্গু (৩৪), রস্টন চেস (৫০) ও আকিম অগুস্তে (৫০) বাংলাদেশের বোলারদের চাপে ফেলেন। বিশেষ করে রিশাদ হোসেনের এক ওভারেই ২১ রান তুলে নেয় ক্যারিবীয়রা, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
বাংলাদেশের ফিল্ডিং ছিল নৈরাজ্যকর কমপক্ষে তিনটি সহজ ক্যাচ হাতছাড়া করে তারা ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করতে সাহায্য করে। শেষ পর্যন্ত ১৯ বল বাকি থাকতে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় অতিথিরা।
এই হারের ফলে ঘরের মাঠেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা বরণ করল বাংলাদেশ।
আরটিভি/এসকে