সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০৯:১৭ এএম
লা লিগায় রবিবার (৯ নভেম্বর) রাতে দুর্দান্ত এক ম্যাচে সেল্টা ভিগোকে ৪-২ গোলে পরাজিত করেছে শিরোপাধারী বার্সেলোনা। দলের জয়ে হ্যাটট্রিক করে নায়ক পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি।
ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছড়ায় মাঠে। দশম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন লেভানডোভস্কি। তবে পরের মিনিটেই পাল্টা আক্রমণে কারেইরার গোলে সমতা ফেরায় সেল্টা ভিগো।
৩৭তম মিনিটে মার্কাশ রাশফোর্ডের ক্রসে ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন লেভানডোভস্কি। কিন্তু বার্সার আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি বোর্তা ইগলেসিয়াসের দর্শনীয় গোল সেল্টার হয়ে সমতা ফিরিয়ে আনে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে লামিনে ইয়ামালের গোলে আবারও এগিয়ে যায় বার্সেলোনা (৩-২)।
দ্বিতীয়ার্ধে খেলায় ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় হান্সি ফ্লিকের শিষ্যরা। ৭৩তম মিনিটে রাশফোর্ডের কর্নার থেকে হেড করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানডোভস্কি। রাশফোর্ড যদিও গোল পাননি, তবে তিনটি গোলেই সরাসরি অবদান ছিল তার।
ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখেন ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং, ফলে পরবর্তী ম্যাচে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নামতে হবে বার্সেলোনাকে।
দিনের শুরুতে রিয়াল মাদ্রিদ গোলশূন্য ড্র করায় বার্সেলোনা এখন তাদের চেয়ে মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে কাতালানরা।
আন্তর্জাতিক বিরতির পর আগামী ২২ নভেম্বর ঘরের মাঠে বিলবাওয়ের বিপক্ষে মুখোমুখি হবে বার্সেলোনা।
আরটিভি/এসকে