বাংলাদেশ নারী ক্রিকেটে আলোচিত পেসার জাহানারা আলমের সাম্প্রতিক অভিযোগ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জাতীয় দলে নিজের প্রতি আচরণ, অব্যক্ত কষ্ট এবং যৌন হেনস্তার অভিযোগ উত্থাপন করেন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা এই অভিজ্ঞ ডানহাতি টাইগ্রেস পেসার। তার অভিযোগে সাবেক নির্বাচক, ইনচার্জ, ম্যানেজারসহ একাধিক কর্মকর্তা ও ক্রিকেটারের নামও উঠে আসে।
বিষয়টি সংবেদনশীল হওয়ায় বিসিবি তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ভিডিও ইন্টারভিউটি দেখার পর আমরা তাৎক্ষণিকভাবে একটা তদন্ত কমিটি গঠন করি। অ্যাপ্লাইড ডিভিশনের একজন বিচারকের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। তারা পুরোপুরি স্বাধীনভাবে কাজ করবে এবং আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
বুলবুল আরও জানান, কমিটির তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা দেওয়ার পর তা জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠানো হবে। রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন,কমিটির সদস্যরা যথেষ্ট অভিজ্ঞ। তারা শুধু জাহানারার ঘটনাই নয়, এরকম আরও অভিযোগ থাকলে সেগুলোও খতিয়ে দেখবে।
ওএসডি করা চার কর্মকর্তার বিষয়ে তিনি বলেন, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। প্রয়োজন মনে হলে সেই পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় নারী দলের তরুণ পেসার মারুফা আক্তার সম্পর্কে বুলবুল বলেন, ইংল্যান্ডের বিপক্ষে মারুফার ইনসুইং দেখে ধারাভাষ্যকাররাও মুগ্ধ হয়েছেন। আমাদের দল ভাগ্য ভালো থাকলে বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারত।
বিসিবি সভাপতি জানান, এখন ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে যেন জেলা বা বিভাগ নির্বিশেষে সব খেলোয়াড়ই সমান সুযোগ পান, এর আগে জাতীয় দল ছাড়া কিছুই ছিল না, এখন আমরা মাঠ পর্যায় থেকেই সুযোগ তৈরি করছি।
আরটিভি/এসকে




