মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০১:৫৯ পিএম
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো রেকর্ড ৪৮টি দল অংশ নিচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে, যা নিয়ে উচ্ছ্বসিত পুরো ফুটবল বিশ্ব।
ধারণা করা হচ্ছে, এই আসরেই শেষবারের মতো দেখা যেতে পারে দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তাই স্বাভাবিকভাবেই ফুটবল ভক্তদের মনে প্রশ্ন মেসির আর্জেন্টিনা না রোনালদোর পর্তুগাল, কারা জিতবে আসছে বিশ্বকাপ?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন নেদারল্যান্ডসের সাবেক তারকা ফুটবলার ওয়েসলি স্নেইডার। ২০১০ সালের বিশ্বকাপে দলকে ফাইনালে তোলা এই মিডফিল্ডার মনে করেন, মেসির চেয়ে রোনালদোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি।
স্নেইডারের ভাষায়, পর্তুগালের দলটা খুব শক্তিশালী। আমার দৃষ্টিতে তারা অন্যতম ফেবারিট। সে কারণে আমি বলব, লিওনেল মেসির তুলনায় রোনালদোর বিশ্বকাপ জয়ের সুযোগ বেশি।
আর্জেন্টিনার সাম্প্রতিক বিশ্বকাপ জয়ের বিষয়েও মন্তব্য করেন তিনি। কাতারে দারুণ বিশ্বকাপ খেলেছে আর্জেন্টিনা। তারা একটু ভাগ্যবানও ছিল। সব মিলিয়ে আমার কাছে পর্তুগালকেই ভালো দল মনে হয়।
স্নেইডারের এই মন্তব্যে ফুটবল দুনিয়ায় আবারও নতুন করে শুরু হয়েছে আলোচনা কে হবেন ২০২৬ সালের বিশ্বকাপের রাজা, মেসি না রোনালদো?
আরটিভি/এসকে