আফগানিস্তান ক্রিকেট দলের তারকা লেগস্পিনার ও টি–টোয়েন্টি অধিনায়ক রশিদ খান অবশেষে নিজের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ করেছেন। অনেক দিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে তিন মাস পর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
রশিদ জানান, এ বছরের ২ আগস্ট তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন। গতকাল রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বরের সাজে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ২০২৫ সালের ২ আগস্ট জীবনের নতুন ও অর্থবহ অধ্যায় শুরু করলাম। আমি আমার বিয়ে সারলাম। এমন এক নারীকে বিয়ে করেছি, যিনি ভালোবাসা ও শান্তিতে জীবন ভরে তুলতে পারেন। এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেক দিন ধরেই।
কদিন আগে নেদারল্যান্ডসে এক নারীর সঙ্গে রশিদের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ছবি নিয়ে নানা মন্তব্যে বিরক্তি প্রকাশ করে রশিদ লিখেছেন, কদিন আগে আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম। কিন্তু মানুষজনের কাছ থেকে যে ধারণা পেলাম, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। সত্যি কথা হচ্ছে, তিনি আমার স্ত্রী। এখানে কোনো গোপনীয়তা নেই। সবাইকে ধন্যবাদ।
যদিও এখনো তিনি স্ত্রীর কোনো ছবি প্রকাশ করেননি।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে রশিদ খানের প্রথম বিয়ের অনুষ্ঠান হয়। ওই সময় তাঁর তিন ভাইও একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। আফগান দলের সহ-খেলোয়াড় মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, রহমত শাহ ও ফজল হক ফারুকিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
রশিদ খান সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩১ অক্টোবর, জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে। তার নেতৃত্বে আফগানিস্তান প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে। এর আগে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলেছিল আফগানরা টি–টোয়েন্টিতে ধবলধোলাই হলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারিয়ে সমতা ফেরায় দলটি।
আরটিভি/এসকে




