বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৫:৪৮ পিএম
বিশ্ব ক্রিকেটে আসছে বড় পরিবর্তন। আকর্ষণ বাড়াতে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে আইসিসি। একাধিক সদস্য দেশের আপত্তি ও নানা জটিলতার কারণে টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার প্রস্তাব আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে টেস্ট ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আসন্ন ২০২৭-২৯ মৌসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপে থাকবে ১২ টেস্ট খেলুড়ে দেশ। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ না নেওয়া আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড এবার যুক্ত হতে পারে।
এছাড়া বন্ধ হয়ে যাওয়া ওয়ানডে সুপার লিগ পুনরায় চালুর বিষয়েও ভাবছে আইসিসি। ২০২৭ সাল থেকে আবারও শুরু হতে পারে এই প্রতিযোগিতা, যদিও কত দল অংশ নেবে তা এখনো নির্ধারিত হয়নি।
অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০ দল নিয়েই চালু থাকবে, তবে ভবিষ্যতে টুর্নামেন্টটি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ক্রিকেটের তিন সংস্করণে পরিবর্তনের প্রস্তাবটি দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুজ, যা সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় উপস্থাপন করা হয়। এ ছাড়া সহযোগী দেশগুলোর জন্য অলিম্পিকের বাছাইপর্বের আদলে একটি নতুন গ্লোবাল কোয়ালিফায়ার সিস্টেম চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।
আরটিভি/এসকে