সম্প্রতি ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর লাতিন আমেরিকার শক্তিশালী দলগুলো তাদের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। আগামী নভেম্বর মাসে আর্জেন্টিনা ও ব্রাজিল দুটি বড় ম্যাচ খেলবে যেখানে আর্জেন্টিনা অ্যাঙ্গোলার সঙ্গে, আর ব্রাজিল সেনেগাল ও তিউনিসিয়ার বিরুদ্ধে মাঠে নামবে।
আ্যঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪ নভেম্বর বাংলাদেশের সময় রাত ১০টায় অ্যাঙ্গোলার বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচের জন্য অ্যাঙ্গোলা ফুটবল অ্যাসোসিয়েশন প্রায় ১৭০ কোটি টাকা পাবে আর্জেন্টিনা থেকে। এ ম্যাচ শেষে আর্জেন্টিনা ভারতে একটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল, তবে সেটি আর আয়োজিত হয়নি।
ব্রাজিল ইউরোপ সফরের অংশ হিসেবে ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের সঙ্গে মাঠে নামবে। এরপর তাদের শেষ প্রীতি ম্যাচ ১৮ নভেম্বর ফ্রান্সের লিল শহরে তিউনিসিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, আর্জেন্টিনা-ব্রাজিলের এই প্রীতি ম্যাচগুলো উপমহাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে না।
তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আজ থেকে মাঠে নামছে ইউরোপের শক্তিশালী দলগুলো, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, স্পেন ও ইতালি। প্রতিটি দল দুইটি করে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে, যেখানে অনেক দেশের বিশ্বকাপ খেলার যোগ্যতা নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফুটবল ভক্তদের জন্য এই নভেম্বর মাস বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে বিশ্ব ফুটবলের লড়াইয়ে।
আরটিভি/এসকে




