বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৬:৩৩ পিএম
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ‘বিস্ময় বালক’ হিসেবে পরিচিত ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক অবশেষে ক্লাব ছাড়ছেন। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে নিয়মিত খেলার সুযোগ না পেয়ে মাত্র ১৯ বছর বয়সেই তিনি অন্য ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, আগামী জানুয়ারির শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে এন্দ্রিককে ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওতে পাঠানোর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে ২০২৫-২৬ মৌসুমের দ্বিতীয়ার্ধে লিঁওর জার্সিতে দেখা যেতে পারে এই তরুণ ব্রাজিলিয়ানকে।
তবে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই এন্দ্রিককে স্থায়ীভাবে বিক্রি করতে রাজি নয়। চুক্তিতে স্থায়ীভাবে কেনার কোনো সুযোগ রাখা হচ্ছে না। বরং একটি বিশেষ ধারা যুক্ত করা হয়েছে রিয়ালের কোনো ফরোয়ার্ড ইনজুরিতে পড়লে ট্রান্সফার উইন্ডো খোলা থাকাকালীন ক্লাব চাইলে এন্দ্রিককে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে নিতে পারবে।
গত মৌসুমে ব্রাজিলের পালমেইরাস থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন এন্দ্রিক। কার্লো আনচেলোত্তির অধীনে ৩৭ ম্যাচে ৭ গোল করেছিলেন তিনি। কিন্তু চলতি মৌসুমে নতুন কোচ জাবি আলোনসোর অধীনে মাঠে সময় পেয়েছেন মাত্র ১৪ মিনিট।
বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলে জায়গা নিশ্চিত করতে নিয়মিত খেলার বিকল্প নেই তার কাছে। তাই লিঁওতে ধারে যাওয়া এখন এন্দ্রিকের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে।
আরটিভি/এসকে