বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৬:৪৯ পিএম
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা ক্রিকেটার। পুরুষ বিভাগে সেনুরান মুথুস্যামি, আর নারী বিভাগে লরা উলভার্ট হয়েছেন মাসসেরা।
দক্ষিণ আফ্রিকার স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুস্যামি গত মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে সবাইকে চমকে দেন। প্রথম টেস্টে একাই ১১ উইকেট নিয়ে স্বাগতিক পাকিস্তানকে ধসিয়ে দেন তিনি। যদিও সেই ম্যাচে জয় পায়নি প্রোটিয়ারা। তবে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে অপরাজিত ৮৯ রান করে সিরিজে সমতা ফেরাতে বড় ভূমিকা রাখেন সেনুরান। দুই টেস্টে তার ব্যাটিং গড় ৫৩, রান ১০৬ এবং বোলিং গড় ১৮.৩৬ উইকেট ১১টি।
পাকিস্তানের নোমান আলী ও আফগানিস্তানের রশিদ খানকে পেছনে ফেলে মাসসেরা হন সেনুরান। তিনি প্রতিক্রিয়ায় বলেন, আইসিসির মাসসেরা খেলোয়াড় হতে পারা দারুণ একটি অনুভূতি। বিশেষ করে টেস্ট ক্রিকেটের পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পাওয়া অনেক তাৎপর্যপূর্ণ। পাকিস্তানে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজে অবদান রাখতে পেরে গর্বিত। সহখেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই এবং সামনে আরও ভালো করার চেষ্টা করব।
অন্যদিকে নারী ক্রিকেটে সেরা হয়েছেন লরা উলভার্ট। বিশ্বকাপ জয়ী ভারতের স্মৃতি মান্ধানা এবং অস্ট্রেলিয়ার সাবেক চ্যাম্পিয়ন অ্যাশ গার্ডনারকে হারিয়ে এই পুরস্কার জেতেন তিনি।
অক্টোবরে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন উলভার্ট। আট ম্যাচে তিনি করেছেন ৪৭০ রান, গড় ৬৭.১৪, স্ট্রাইক রেট ৯৭.৯১ যা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড।
পুরস্কার জয়ের পর উলভার্ট বলেন, ভারতে দলের বিশ্বকাপ পারফরম্যান্সের পর এই স্বীকৃতি পাওয়া সম্মানের। মেয়েদের ক্রিকেটের জন্য এটা ছিল ঐতিহাসিক এক ইভেন্ট। অসাধারণ সব ম্যাচের অংশ হতে পেরে গর্বিত, এই পুরস্কার তাই আমার জন্য আরও অর্থবহ।
আরটিভি/এসকে