শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৫:০৩ পিএম
ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হার্ডহিটিং দিয়ে নিজেকে প্রমাণ করা হাবিবুর রহমান সোহান এবার বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রাইজিং স্টার এশিয়া কাপে নতুন ইতিহাস গড়েছেন। হংকংয়ের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অধিকার করেছেন তিনি।
দোহায় টসে হেরে আগে ব্যাট করতে নেমে হংকং ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ১১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়, যা ছিল ১৬৮ রান।
জবাবে, ওপেনার সোহান ও জিশান আলম দুর্দান্ত পারফর্ম করেন। বিশেষ করে সোহান শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করতে থাকেন। পাওয়ার প্লেতে দুই ওপেনার ১০৭ রান তুললেও কোনো উইকেট হারায়নি দল। মাত্র ১৪ বলে ফিফটি করে সোহান তাণ্ডবের শুরু করেন।
১১১ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর দুই উইকেট হারিয়ে ১২২ রান করা বাংলাদেশ বাকিটা পথ সহজেই পাড়ি দেয় সোহান ও আকবরের জুটি নিয়ে। ৩৫ বলে সেঞ্চুরি করে সোহান পারভেজ হোসেন ইমনের ৪২ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন।
অপর প্রান্তে উইকেটকিপার আকবরও ১৩ বলে ৪১ রান করে ঝড়ো ব্যাটিং দেখান। তার ১১তম ওভারে টানা ৫ ছক্কায় বাংলাদেশ ‘এ’ দল সহজ জয় নিশ্চিত করে।
বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে জয় পেয়ে রাইজিং স্টার এশিয়া কাপে শক্তিশালী ছাপ রেখে দিল। সোহানের এই সেঞ্চুরি বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন আশা জাগিয়েছে।
আরটিভি/এসকে