মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০৯:০১ পিএম
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। দলের একাদশে ফিরেছেন চোট থেকে সুস্থ হয়ে ওঠা মিডফিল্ডার শেখ মোরছালিন। তার জায়গায় এবার একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া ও জুনিয়র সোহেল রানা।
ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে বাংলাদেশের অর্ধেই বেশি ছিল বল। তবে ভারত পরিস্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
দারুণ এক পাল্টা আক্রমণে গোল পেয়ে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেছেন শেখ মোরছালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরছালিন। বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম গোল।
চোটে পড়ে ২৭ মিনিটেই উঠে যেতে বাধ্য হলেন তারিক কাজী। তার বদলি হিসেবে মাঠে নেমেছেন শাকিল আহাদ তপু। বাংলাদেশ এগিয়ে ১–০ গোলে।
এর কিছুক্ষণ পর গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ। তবে ত্রাতা হয়েছেন হামজা চৌধুরী। ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেছেন। ম্যাচের সময় ৩৪ মিনিট, মাঠে হঠাৎই উত্তেজনা। তপু বর্মণের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। রেফারি তপু ও বিক্রম, দুজনকেই হলুদ কার্ড দেখান।
১১ মিনিটে মোরছালিনের করা গোলটি ধরে রেখেই প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে বাংলাদেশ। দারুণ এক পাল্টা আক্রমণেই গোলটি করেছেন মোরছালিন। ভারতও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। বাংলাদেশের ত্রাতা হয়েছেন হামজা চৌধুরী। পরে হামজার দূর পাল্লার এক শট অল্পের জন্য গোল পোস্টের বাইরে যায়।
আরটিভি/কেআই