বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৩:৩৫ পিএম
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ–২০২৫ শেষে দেশে ফিরে ভারতীয় আর্চারদের কিছু অভিযোগ নিয়ে ভারতে প্রকাশিত সংবাদে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন (বিএএফ)। এক বিবৃতিতে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে ফেডারেশন।
আনন্দবাজার পত্রিকা অনলাইনের এক প্রতিবেদনে দাবি করা হয়, চ্যাম্পিয়নশিপ চলাকালে ভারতীয় দলকে নাকি স্বল্প বাজেটের হোটেলে রাখা হয়েছিল এবং উপযুক্ত পরিবহন সুবিধাও দেওয়া হয়নি। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিএএফ জানায়, টুর্নামেন্টে অংশ নেওয়া ভারতসহ ২৯টি দেশের সব আর্চারদের জন্য পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং চার তারকা হোটেল হলিডে ইন–এ থাকার ব্যবস্থা করা হয়েছিল। খাবার, পরিবহন থেকে শুরু করে আন্তর্জাতিক মানের সব সুবিধাই নিশ্চিত করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় দলের ফিরতি যাত্রার দিন ১৫ নভেম্বর তাদের নির্ধারিত এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-238 রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। টুর্নামেন্ট আয়োজক কমিটি (LOC) নিয়ম অনুযায়ী দলটিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছে দেয়। এরপর থেকে তাদের দায়িত্ব থাকে সংশ্লিষ্ট এয়ারলাইনের ওপর।
ফেডারেশনের দাবি, ইমিগ্রেশন শেষ হওয়ার পর এয়ার ইন্ডিয়াই নিজ সিদ্ধান্তে ফ্লাইটটি বাতিল করে এবং নিয়ম অনুযায়ী দলটির জন্য আবাসন ও পরিবহনের ব্যবস্থা করে। তাই ফিরতি যাত্রায় সৃষ্ট ভোগান্তি কিংবা নিম্নমানের সেবা প্রদানের জন্য বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে দায়ী করা অনুচিত।
ফেডারেশন বলেছে, ভারতীয় আর্চারি দলকে নিম্নমানের আবাসন বা পরিবহন দেওয়া হয়েছিল এমন অভিযোগের কোনো ভিত্তি নেই। আমরা সব দেশকে সমান মর্যাদা, আতিথেয়তা ও সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করেছি।
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে এ বছর রেকর্ডসংখ্যক ২৯টি দেশ অংশ নেয়। আন্তর্জাতিক মান বজায় রেখে আয়োজিত এই ইভেন্টে বিদেশি দলগুলোর সন্তুষ্টি ও প্রশংসা ছিল চোখে পড়ার মতো বলেও উল্লেখ করেছে ফেডারেশন।
আরটিভি/এসকে