ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করে তিনি গড়েছেন ক্রিকেট ইতিহাসের এক অনন্য রেকর্ড। আইসিসির পূর্ণ সদস্য সব দেশকে বিপক্ষে সেঞ্চুরি করা বিশ্বের একমাত্র ক্রিকেটার এখন হোপ।
৬৯ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০৯ রানের ঝড়ো ইনিংস খেলেও হোপকে হতাশ হতে হয়েছে দলের হারে। তার ব্যাটের উপর ভর করেই ২৪৭ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ডেভন কনওয়ের ৯০ রানে ভর করে ৫ উইকেটে সহজ জয় তুলে নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেয় কিউইরা।
শাই হোপ টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে ইতোমধ্যে ১৩টি দেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন যা ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। এতদিন মাহেলা জয়াবর্ধনে ও ক্রিস গেইলের সঙ্গে ১২ দেশের বিপক্ষে সেঞ্চুরির রেকর্ড ভাগাভাগি করলেও এবার সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে জায়গা করে নিলেন তিনি।
হোপ সেঞ্চুরি করেছেন আইসিসির সব পূর্ণ সদস্য দেশ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। টেস্টে তার ৩টি, ওয়ানডেতে বাকি সব দলের বিপক্ষে, আর টি–টোয়েন্টিতে চলতি বছরই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি এসেছে তার ব্যাটে।
ওয়ানডেতে ১২টি দেশের বিপক্ষে সেঞ্চুরি করে একক রেকর্ডও এখন হোপের দখলে। সবমিলে ওয়ানডেতে তার সেঞ্চুরি সংখ্যা ১৯। অন্যদিকে সর্বোচ্চ ৪৯টি সেঞ্চরির মালিক শচীন টেন্ডুলকার সেঞ্চুরি করেছেন ১১ দেশের বিপক্ষে।
সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটে ১০টি ভিন্ন দেশের মাটিতে সেঞ্চুরি করেছেন ৩২ বছর বয়সী এ ডানহাতি ব্যাটার যা তাকে অলটাইম তালিকায় শীর্ষ সারিতে নিয়ে গেছে। সমান ১২ দেশে সেঞ্চুরির কীর্তি আছে বিরাট কোহলি ও ক্রিস গেইলের। তবে শচীন টেন্ডুলকার ও সনৎ জয়সুরিয়া আছেন আরও এগিয়ে দুজনই সেঞ্চুরি করেছেন ১২টি দেশের মাটিতে।
তবে পূর্ণ সদস্য সব দেশের বিপক্ষে সেঞ্চুরি করা এই রেকর্ড শাই হোপকে ইতিহাসের পাতায় স্থায়ীভাবে জায়গা করে দিল।
আরটিভি/এসকে



