images

খেলা / ফুটবল

দরজার ধাক্কায় আঙুল ভেঙে চোটে কোল পালমার

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৯:৫০ পিএম

চেলসি আবারও বড় ধাক্কার মুখে। বাড়িতে দুর্ঘটনার কারণে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় কোল পালমারকে কমপক্ষে তিন ম্যাচে পাচ্ছে না ইংলিশ ক্লাবটি। সম্প্রতি কুঁচকির চোট কাটিয়ে দুই মাস পর অনুশীলনে ফিরেছিলেন এই তারকা। কিন্তু নতুন চোট তার ফেরার পথ আরও কঠিন করে তুলেছে।

প্রিমিয়ার লিগে চলতি সপ্তাহেই বার্নলির বিপক্ষে মাঠে নামবে চেলসি। এরপর চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার সঙ্গে লড়াই এবং কয়েক দিনের ব্যবধানে আর্সেনালের বিপক্ষে লন্ডন ডার্বি। সবগুলো ম্যাচেই পালমার থাকবেন দলের বাইরে নিশ্চিত করেছেন কোচ এনজো মারেস্কা।

মারেস্কা বলেন, পালমারকে বার্নলির বিপক্ষে তো নয়ই, এমনকি বার্সেলোনা বা আর্সেনালের বিপক্ষেও পাওয়া যাবে না। দুর্ভাগ্যজনকভাবে বাড়িতে একটি দুর্ঘটনায় তার আঙুলে চোট লেগেছে। স্ক্যানে ভাঙন ধরা পড়েছে। তাই আগামী এক সপ্তাহ তাকে পাওয়া যাবে না।

আরও পড়ুন
ashes

অ্যাশেজের প্রথম টেস্টে পেসারদের দাপট

ধারণা করা হচ্ছে, বাড়ির দরজায় ধাক্কা খেয়ে বাঁ পায়ের আঙুলে চোট পেয়েছেন পালমার। সব ঠিক থাকলে ৩ ডিসেম্বরের পরই কেবল চেলসির জার্সিতে মাঠে নামতে পারেন তিনি। তবে কখন ফিরবেন সে বিষয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন কোচ, জানি না।

চোট-জর্জরিত এই সময় চেলসির সামনে কঠিন তিন ম্যাচের চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

আরটিভি/এসকে