শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৪:৩৫ পিএম
ইংল্যান্ডের বহুল আলোচিত ‘বাজবল’ তত্ত্বে এবার কাঁপেনি অস্ট্রেলিয়া। বরং সেই আক্রমণাত্মক স্টাইলেই ইংলিশদের কুপোকাত করে মাত্র দুই দিনেই অ্যাশেজের প্রথম টেস্টে ৮ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্বাগতিক অজিরা। পার্থের গ্যাবায় এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

ম্যাচ শুরুর দিন থেকেই দাপট দেখান মিচেল স্টার্ক। তার আগুনে বোলিংয়ে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড প্রথম দিনেই গুটিয়ে যায় মাত্র ১৭২ রানে। জবাবে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে ৯ উইকেট হারানো স্বাগতিকরা দ্বিতীয় দিনের শুরুতেই ১৩২ রানে অলআউট হয়ে ইংল্যান্ডকে ৪০ রানের লিড দেয়।
দ্বিতীয় ইনিংসেও বদলায়নি ইংল্যান্ডের গল্প। স্টার্ক–কামিন্স–হেজলউডদের যৌথ ঝড়ে মাত্র দেড় সেশনে ১৬৪ রানে গুঁড়িয়ে যায় বেন স্টোকসের দল। লিড দাঁড়ায় ২০৪ রান।

২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই বাজবল স্টাইলে আক্রমণে যায় অস্ট্রেলিয়া। সবচেয়ে উজ্জ্বল ছিলেন ট্রাভিস হেড। মাত্র ৬৯ বলে সেঞ্চুরি তুলে তিনি গড়েন অ্যাশেজের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। একই সঙ্গে টেস্ট ইতিহাসে ওপেনার হিসেবে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নেন তিনি।

হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ২৯ ওভারেই জয় পায় স্বাগতিকরা। তিনি আউট হন ৮৩ বলে ১২৩ রানে (১৬ চার, ৪ ছক্কা)।তার সঙ্গে মার্নাস লাবুশেন অপরাজিত ৫১ রান করে ম্যাচ শেষ করেন। ১০ উইকেট শিকার করা মিচেল স্টার্কই নির্বাচিত হন ম্যাচসেরা।
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর, ব্রিসবেনে।
আরটিভি/এসকে