সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ০৭:২১ পিএম
মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে মাঠে নেমেছিল আবাহনী ও মোহামেডান। এদিন হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই দল। তবে মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় পেয়েছে মোহামেডান।
সোমবার (২৪ নভেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আবাহনীকে ৩-২ গোলে হারিয়েছে মোহামেডান।
এদিন ম্যাচের শুরুর ১০ মিনিট একের পর এক আক্রমণ শাণায় আবাহনী। তৃতীয় মিনিটে হাসান মুরাদের দূরপাল্লার শট উঁচু কর্নার দিয়ে জালে পড়ার উপক্রম; মোহামেডান গোলকিপার লাফিয়ে ঠেকিয়ে দেন তা। ২০ মিনিটে আবাহনীর রক্ষণের ভুলের সুযোগ নিয়ে এগিয়ে যায় মোহামেডান।
ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা স্যামুয়েল বোয়াটেংকে ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন আবাহনী গোলকিপার মিতুল মারমা। তিনি কোনো চ্যালেঞ্জ জানানোর আগে কাটব্যাক করেন বোয়াটেং। যদিও তা গিয়ে পড়ে ইয়াসিন খানের পায়ে।
তার কাছ থেকে বল কেড়ে নেন রহিম উদ্দিন। এরপর ফাকা পোস্টে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি তিনি। ৩১ মিনিটে মুজাফফর মুজাফফরভের কর্নারে পা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন এলি কেকে এমানুয়েল।
বিরতির পর ৫৮ মিনিটে জাহিদ হাসান শান্তর ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান ৩-০ করেন স্যামুয়েল বোয়াটেং। তিন গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার তাগিদ পায় আবাহনী। ৭২ মিনিটে কাজেম শাহের পাসে বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন পাপন সিংহ।
৭৮ মিনিটে জটলার মধ্য থেকে ব্যবধান আরও কমান মোরছালিন। পরে আরও কয়েকবার চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি আবাহনী। ৩ ম্যাচ শেষে তাই জয়শূন্য থাকল তারা।
একই দিনে আরাবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বসুন্ধরা কিংস। জোড়া গোল করেছেন দরিয়েলতন গোমেস।
আরটিভি/এসআর