শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ০২:২২ পিএম
অনেক চেষ্টার রিয়াল মাদ্রিদ থেকে কার্লো আনচেলত্তিকে সরিয়ে এনেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। ইতালিয়ান এই কোচের অধীনে সেলেসাওদের পরিবর্তন এখন স্পষ্ট। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির সঙ্গে চুক্তি রয়েছে ব্রাজিলের। তবে তাকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দীর্ঘমেয়াদে আনচেলোত্তিকে দলের দায়িত্ব তুলে দিতে আগ্রহী সিবিএফ। ২০২৬ বিশ্বকাপের ২০৩০ সালের মেগা ইভেন্টেও আনচেলত্তির কাঁধে সেলেসাওদের দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করছে ব্রাজিল।
গত বুধবার সিবিএফ এর সভাপতি জাউদকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়, আনচেলোত্তি ২০২৬ সালের পরও দায়িত্বে থাকবেন কিনা।
জবাবে তিনি বলেছেন, আমি এই আলোচনাকে ইতিবাচকভাবে দেখি। সব কিছু উভয় পক্ষের সমঝোতার ওপর নির্ভর করছে। আমি সবসময় কাজের সম্পর্ককে গুরুত্ব দিই। সফল হওয়ার জন্য সবকিছুই প্রস্তুত রয়েছে।
এদিকে ইএসপিএন জানিয়েছে, আগামী বছরের মধ্যে আনচেলোত্তির সঙ্গে আলোচনা শুরু করার পরিকল্পনা করছে এবং আশা করছে তিনি ২০২৬ সালের বিশ্বকাপের আগে চুক্তি বাড়িয়ে নেবেন।
ব্রাজিল নিশ্চিত করতে চায় যে, পরের বছরের বিশ্বকাপের ফলাফল যাই হোক না কেন, ইতালিয়ান কোচ দলের দায়িত্বে থাকবেন। ৬৬ বছর বয়সী আনচেলত্তি গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন।
২০২৬ সালে ব্রাজিলকে হেক্সা জেতানোর মিশনে নেমেছেন ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনহাদের কোচ। তার কোচিংয়ে ইতিমধ্যে দারুণ খেলতে শুরু করেছে ব্রাজিল। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে সেনেগালের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর তিউনিসিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা।
আরটিভি/এসআর