রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৮:৫৭ এএম
মেজর লিগ সকারে (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে দাপুটে ফুটবল উপহার দিয়ে শিরোপা জিতল ইন্টার মায়ামি। ঘরের মাঠে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে লিওনেল মেসির দল নিশ্চিত করল কনফারেন্স শিরোপা।
মায়ামির জয়ে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও অ্যালেন্ডে। দলের আরও একটি গোল আসে মাতেও সিলভেত্তির পা থেকে। আর এক গোলের অ্যাসিস্ট করে আলোচনায় ছিলেন লিওনেল মেসি।
খেলা শুরুর পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ম্যাচের ১৪তম মিনিটে অ্যালেন্ডের দারুণ শটে লিড নেয় স্বাগতিকরা। এর ৯ মিনিট পর, অর্থাৎ ২৩তম মিনিটে, একই ফরোয়ার্ড আবারও জাল খুঁজে পান, দলকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে।
নিউইয়র্ক সিটি অবশ্য বিরতির আগে একটি গোল শোধ করে উত্তেজনা ফেরান। ৩৭তম মিনিটে জাস্টিন হক গোল করে ব্যবধান কমান ২-১ এ।
বিরতির পরে মনে হচ্ছিল খেলা আরও জমবে, কিন্তু দৃশ্যপট পুরোই বদলে যায়। ৬৭ মিনিটে মেসির অসাধারণ থ্রু বল থেকে গোল করেন মাতেও সিলভেত্তি, ব্যবধান বাড়ে ৩-১ এ।
শেষদিকে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে মায়ামি। ৮৩তম মিনিটে তেলাস্কো সেগোভিয়া স্কোরলাইন ৪-১ করেন। আর ৮৯তম মিনিটে আবারও মাঠ কাঁপান অ্যালেন্ডে নিজের হ্যাটট্রিক পূরণ করে নিশ্চিত করেন বড় জয়।
৫-১ গোলের ব্যবধানে নিউইয়র্ক সিটিকে হারিয়ে ইস্টার্ন কনফারেন্স শিরোপা ঘরে তোলে ইন্টার মায়ামি। মেসির ছন্দময় পারফরম্যান্স আর অ্যালেন্ডের ঝলমলে হ্যাটট্রিকে উচ্ছ্বাসে মাতোয়ারা দল ও সমর্থকরা।
মায়ামির সামনে এখন এমএলএস কাপের মূল লড়াই। সেখানে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে মেসির দল।
আরটিভি/এসকে