বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০১:০১ পিএম
ঢাকায় শুরু হতে যাচ্ছে তরুণ ফুটবল প্রেমীদের প্রতীক্ষিত লাতিন বাংলা সুপার কাপ। অংশ নিতে রাজধানীতে এসে পৌঁছেছে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাব। বুধবার (৩ ডিসেম্বর) সকালে তাদের বহনকারী ফ্লাইট ঢাকায় নামে। এর আগের দিন, মঙ্গলবার (২ ডিসেম্বর) উপস্থিত হয়েছে ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব। স্বাগতিক ফিউচার স্টার বাংলাদেশসহ তিন দলকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর পর্দা উঠবে প্রতিযোগিতার। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে ব্রাজিলের সাও বার্নার্দো ও স্বাগতিক ফিউচার স্টার বাংলাদেশ। ৮ ডিসেম্বর ফিউচার স্টারের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন। আর ১১ ডিসেম্বর হবে দুই লাতিন ক্লাব সাও বার্নার্দো ও অ্যাথলেটিকো চার্লোনের মধ্যকার স্বপ্নের লড়াই।
ফুটবলপ্রেমীদের জন্য বড় চমক টুর্নামেন্টের শেষ দিনে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। প্রতিদিন লটারির মাধ্যমে নির্বাচিত ১০ ভাগ্যবান দর্শক সরাসরি দেখা করার সুযোগ পাবেন দুই ফুটবল মহাতারকার সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান।
শুধুই ফুটবল নয়, থাকছে আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজনও। উদ্বোধনী দিনের বিকেলে মঞ্চে উঠবেন দেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস। তার উপস্থিতিতে স্টেডিয়াম উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
এই আন্তর্জাতিক আয়োজনকে সফল করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সাধারণ মানুষের নাগালের মধ্যে টিকিট মূল্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। তাদের মতে, তরুণ সমর্থকদের মাঠে এনে পরিবেশকে প্রাণবন্ত করা জরুরি।
এমডি আসাদুজ্জামান জানান, দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিতে বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে আগে এমন কিছু হয়নি। আমি নতুন কিছু করার চেষ্টা করছি। আল্লাহ চাইলে দর্শকেরা মাঠে এসে চমৎকার ফুটবল উপভোগ করতে পারবেন।
আরটিভি/এসকে