বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৪:০৬ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম শেষ হয়েছে গত রোববার। তবে নিলাম-উত্তর আলোচনা এখনো দারুণভাবে চলছে ক্রিকেট অঙ্গনে। নতুন মালিকানায় চারটি দল অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়েলস, নোয়াখালি এক্সপ্রেস ও সিলেট টাইটান্স। ইতোমধ্যে সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে পর্দা উঠবে এবারের আসরের, আর শেষ হবে ঢাকায়।
নিলাম শেষে দলগুলো প্রায় চূড়ান্ত হলেও অধিনায়ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কোন দলের নেতৃত্বে কে থাকছেন।
রংপুর রাইডার্স, আগের মতোই রংপুর রাইডার্সের নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান। সহ-অধিনায়ক কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
নোয়াখালী এক্সপ্রেস, নতুন দল নোয়াখালি এক্সপ্রেসের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিক নয়।
রাজশাহী ওয়ারিয়র্স, রাজশাহীর নেতৃত্বে থাকছেন জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজকে।
সিলেট টাইটান্স, সিলেট টাইটান্সের অধিনায়ক হবেন মেহেদী হাসান মিরাজ। তার ডেপুটি হিসেবে রয়েছেন জাকির হাসান।
চট্টগ্রাম রয়েলস, চট্টগ্রাম রয়েলস এখনো নেতৃত্ব চূড়ান্ত না করলেও এগিয়ে আছেন শেখ মেহেদী হাসান। তাকে অধিনায়ক করলে সহ-অধিনায়ক হতে পারেন নাঈম শেখ।
ঢাকা ক্যাপিটালস, ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব উঠতে যাচ্ছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের কাঁধে। সবকিছু ঠিক থাকলে তিনিই নেতৃত্ব দেবেন ঢাকার।
নতুন দল, নতুন মালিকানা আর নতুন নেতৃত্ব সব মিলিয়ে জমজমাট হতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। সেই সাথে দলগুলোর ফ্যানসদের মধ্যে উত্তেজনা তুঙ্গে বিরাজ করছে।
আরটিভি/এসকে