বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৯:২২ পিএম
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার আগেই তিন অভিজ্ঞ ক্রিকেটার,মমিনুল হক, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার অনুমতি (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬ ডিসেম্বর বিপিএল মাঠে গড়ানোর আগে তারা বিদেশের লিগে খেলে ম্যাচ প্রস্তুতি সেরে নিতে পারবেন।
বাংলাদেশের দুই তারকা পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ খেলতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)–তে। মুস্তাফিজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে দুবাই ক্যাপিটালসের হয়ে দেশে থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন।
অন্যদিকে, তাসকিন অংশ নেবেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে। বিপিএলের আগেই দেশে ফেরার শর্তে বিসিবি দুই পেসারকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এনওসি প্রদান করেছে।
এদিকে, বাংলাদেশ টেস্ট দলের অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক খেলবেন অস্ট্রেলিয়ার গ্রেড ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের হয়ে। এটি বড় কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট না হলেও খেলার মধ্যে থাকার সুযোগ তৈরি হওয়ায় তাকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এনওসি দিয়েছে বিসিবি।
তবে এই তালিকায় আলাদা সিদ্ধান্ত এসেছে লেগ-স্পিনার রিশাদ হোসেনকে ঘিরে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) হোবার্ট হারিকেনসের হয়ে পুরো মৌসুমে খেলার জন্য তিনি আগেই এনওসি পেয়েছেন। ফলে বিপিএলের এবারের আসরে দেখা যাবে না এই উদীয়মান স্পিনারকে।
বিপিএলের আগে বিদেশি লিগে খেলে তিন ক্রিকেটারের ম্যাচ ফিটনেস বাড়বে বলে আশা করছে বিসিবি।
আরটিভি/এসকে