ইংল্যান্ড জাতীয় দলের সাবেক এক ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। স্থানীয় গণমাধ্যম দ্য সান জানিয়েছে, ২০১০-এর দশকে ইংল্যান্ডের জার্সি গায়ে খেলা এই ফুটবলারকে গত রোববার (৩০ নভেম্বর) স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে আটক করা হয়। আইনি কারণে এখনও তার নাম প্রকাশ করা হয়নি।
এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানায়, ধর্ষণচেষ্টার সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিমানে ওঠার আগেই বর্ডার ফোর্স কর্মকর্তারা পাসপোর্ট নিয়ন্ত্রণ চেকপয়েন্টে ওই ফুটবলারকে আটক করেন। তার পরিচয় যাচাই করার সময় জানা যায়, অতীতের একটি ধর্ষণচেষ্টার ঘটনায় তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।
যুক্তরাজ্যে সাধারণত গ্রেফতারকৃত কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয় না। ২০১২ সালের লেভেসন তদন্তের পর প্রণীত নীতিমালায় বলা হয়েছে, ‘স্পষ্টভাবে ব্যতিক্রমী পরিস্থিতি’ ছাড়া সন্দেহভাজনের নাম প্রকাশ করা উচিত নয়। সাধারণত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের পরই তার পরিচয় জনসমক্ষে আনা হয়।
আরটিভি/এসকে




