images

খেলা / ক্রিকেট

টি-টোয়েন্টিতে সাফল্যের রহস্য জানালেন সালাহউদ্দিন

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ০২:১২ পিএম

চলতি বছরে টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৫টিতে জিতেছে টাইগাররা, যা নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড। এ ছাড়াও টানা চারটিসহ মোট পাঁচটি সিরিজ জিতেছে বাংলাদেশ।

তাই টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে মনে করেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন তিনি।

সালাহউদ্দিন বলেন, টি-টোয়েন্টিতে ভালো উন্নতি হয়েছে। আমরা নিজেদের জন্য একটি লক্ষ্যস্থির করেছি এবং সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি চলে এসেছি। আমি বলব না যে, আমরা সবকিছু অর্জন করেছি। কিন্তু এ বছর আমাদের বেশিরভাগ সাফল্য টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এসেছে।

আরও পড়ুন
LITON_co.py

বিজয় দিবস নিয়ে কোয়াবের নতুন উদ্যোগ, শান্তর বিপক্ষে খেলবেন মিরাজ

তিনি বলেন, আমরা অনেকগুলো টি-টোয়েন্টি সিরিজ খেলেছি। যা আমাদের উন্নতি করতে সাহায্য করেছে। বিশ্বকাপের আগে আমাদের অনেক পরিকল্পনা আছে। এখনও উন্নতির অনেক জায়গা আছে। আমরা যে ফলাফল আশা করেছিলাম তা পেয়েছি।

সালাহউদ্দিন আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, টি-টোয়েন্টি সর্ম্পকে ভালো ধারণা হয়েছে খেলোয়াড়দের। তারা এখন জানে কিভাবে খেলা উচিত। এ বছর এটিই সবচেয়ে বড় অর্জন। ব্যাটাররা নিজেদের দায়িত্ব অনুযায়ী খেলেছে। এমন সময় ছিল, যখন পরিকল্পনা বাস্তবায়ন হত না। এখন সবাই নিজেদের দায়িত্ব সর্ম্পকে ভালো বুঝতে পারে।

টি-টোয়েন্টির সাম্প্রতিক সাফল্যে কী বাড়তি ভূমিকা রেখেছে এমন প্রশ্নে জাতীয় দলের এই কোচ বলেন, ‘আপনারা সবসময় বলেন যে, আমাদের পেস বোলিংটা অনেক ভালো। কারণ পেস বোলিংয়ে এখন আপনি যদি তাসকিনকে বলেন বা ফিজকে বলেন তারাই আসলে টিম মিটিংটা পরিচালনা করে এবং তারা জানে এই লেভেলে আসলে কী করতে হয়। তারা অনেকদিন ধরে খেলছে এবং তাদের সঙ্গে যারা আছে ওদেরও কিন্তু তারাই গাইড করে। এটাই হচ্ছে আসলে একটা ভালো টিমের লক্ষণ।’

এমন সংস্কৃতি দলের পারফরম্যান্স আরও ভালো করবে বলে প্রত্যাশা সালাউদ্দিনের। তার ভাষ্য, একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারকে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করছে। ওই কালচারটা আমরা বিল্ড করার চেষ্টা করতেছি। বাইরে থেকে আপনারা অনেক কিছু মনে করতে পারেন। 

তিনি আরও বলেন, কালচারটা যত বিল্ড হবে, আমার মনে হয় একটা ছেলে আরেকটা ছেলেকে শেখানোর চেষ্টা করবে এবং নিজেদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করবে, তখন টিমটা অটোমেটিক ভালো হয়ে যাবে। এভাবেই আসলে আমাদের সবকিছুই করানো হচ্ছে, যেগুলা আনছি। তবে যখন প্লেয়াররা নিজেরাই বুঝতে পারবে যে প্রতিটা সিচুয়েশনে তার কী করতে হবে, তখন টিমটা ভালো হওয়ার চান্স বেশি থাকবে।’

আরটিভি/এসআর